১৫ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

শাল্লায় সাংবাদিক পাভেলের ওপর হামলা, থানায় অভিযোগ

প্রতিনিধি, শাল্লা, সুনামগঞ্জ

প্রকাশঃ ১৫ এপ্রিল, ২০২৬ ৭:২২ অপরাহ্ন

ছবিঃ হামলায় আহত হয়ে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন সাংবাদিক পাভেল। সিলেট ভয়েস

সুনামগঞ্জের শাল্লায় দৈনিক আমার দেশ পত্রিকা ও সিলেট ভয়েসের প্রতিনিধি সাংবাদিক পাভেল আহমদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনি শাল্লা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

অভিযোগে পাভেল আহমদ উল্লেখ করেন, বুধবার (১৫ এপ্রিল) দুপুর আনুমানিক ১২টার দিকে শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়নের ঘুঙ্গিয়ারগাঁও বাজারে মনিশ চন্দ্র সরকারের ফটোস্টুডিওর সামনে তাঁর পথরোধ করা হয়। পরে তাঁকে কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়।

 

পাভেলের অভিযোগ, কান্দিগাঁও গ্রামের রাকিব মিয়া (৩৫) ও রহমতপুর গ্রামের নুরুল আমিন (৩৬) তার ওপর হামলা চালান। তিনি দাবি করেন, শাল্লা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. রাশেদুল ইসলামের ইন্ধনে এ হামলা হয়েছে।

 

অভিযোগে আরও বলা হয়, গত ফেব্রুয়ারি থেকে চলতি মাস পর্যন্ত জনস্বাস্থ্য প্রকৌশলী রাশেদুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশ করায় শাল্লা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল আমিনসহ সংশ্লিষ্টরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ সময় জনস্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি তদন্ত কমিটি শাল্লায় আসার কথা জানালে তিনি জনস্বাস্থ্য অফিসে যাওয়ার পথে হামলার শিকার হন।

 

পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান। এরপর তাকে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। বলে জানান পাভেল। 

 

অভিযোগে তিনি আরও দাবি করেন, এর আগেও ২০২৪ সালের নভেম্বর মাসে একটি দুর্নীতি সংক্রান্ত সংবাদ প্রকাশের পর একই ব্যক্তিরা তার ওপর হামলা করেছিলেন। তবে চিকিৎসা ও অন্যান্য কারণে তখন আইনগত পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি।

 

এ বিষয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

শাল্লা, সাংবাদিক হামলা, সুনামগঞ্জ খবর, পাভেল আহমদ, হামলার অভিযোগ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ