২৭ মে ২০২৬

অনিয়ম-দুর্নীতি

স্বাধীনতা দিবসে শ্রীমঙ্গল হাসপাতালে রাতেও উড়ছে পতাকা

প্রতিনিধি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার

প্রকাশঃ ২৬ মার্চ, ২০২৬ ১০:৪৪ অপরাহ্ন


স্বাধীনতা দিবসে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাতেও জাতীয় পতাকা উড়তে দেখা গেছে। সরকারি বিধিমালা অনুযায়ী সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম থাকলেও ৫০ শয্যা বিশিষ্ট এ স্বাস্থ্য কমপ্লেক্সে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে টানানো পতাকা রাতেও নামানো হয়নি। এ ঘটনায় জাতীয় পতাকা অবমাননার অভিযোগ তুলেছেন স্থানীয় সচেতন মহল।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতাল প্রাঙ্গণে পাইপের ডগায় ঝুলছে লাল-সবুজের জাতীয় পতাকা। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পরও পতাকা উড়তে দেখে বিষয়টি তারা অন্যদের অবহিত করেন।

স্থানীয়দের অভিযোগ, আইন অনুযায়ী সূর্যাস্তের আগেই জাতীয় পতাকা নামানোর বাধ্যবাধকতা থাকলেও তা মানা হয়নি। এতে জাতীয় পতাকার মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলে মনে করছেন তারা। 

সমাজকর্মী আশিকুর রহমানসহ সচেতন নাগরিকরা বলেন, “৩০ লাখ শহীদের আত্মত্যাগ ও অসংখ্য মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই পতাকার এমন অবমাননা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

এ বিষয়ে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার ডা. সানজিদা জানান, বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই পতাকা নামানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন বলেন, বিষয়টি সদ্য জেনেছি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
জাতীয় পতাকা বিধিমালা-১৯৭২ (সংশোধিত ২০১০) অনুযায়ী, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন করা যাবে। এ বিধান লঙ্ঘন করলে এক বছরের কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।


শেয়ার করুনঃ

অনিয়ম-দুর্নীতি থেকে আরো পড়ুন

মৌলভীবাজার, শ্রীমঙ্গল, হাসপাতাল, জাতীয় পতাকা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ