২৬ মে ২০২৬

দৈনন্দিন

ঈদের আগে শাল্লার ১২ কৃষকের হাতে সহায়তা কার্ড

প্রতিনিধি, শাল্লা, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৬ মে, ২০২৬ ৬:১৫ অপরাহ্ন


সুনামগঞ্জের শাল্লা উপজেলায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ১২ কৃষকদের মাঝে সরকারের মানবিক সহায়তা কৃষি কার্ড বিতরণের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

প্রাথমিকভাবে উপজেলার বাহাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ১২ জন ক্ষতিগ্রস্ত কৃষকের হাতে জনপ্রতি তিন হাজার টাকা নগদ সহায়তা ও ১৫ কেজি চাল তুলে দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, মঙ্গলবারই আরও প্রায় ১০০ জন কৃষকের হাতে এ সহায়তা পৌঁছে দেওয়া হবে। পর্যায়ক্রমে ঈদুল আজহার পর উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদের ওয়ার্ডে মোট ১০ হাজার ১২৫ জন কৃষককে এ সহায়তা দেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি গনেন্দ্র চন্দ্র সরকার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নিত্যানন্দ দাস নিতাই, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আবু সাইদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ব্রজেশ রঞ্জন চৌধুরী এবং যুবদলের যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেনসহ স্থানীয় নেতারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় ফসল হারিয়ে বিপাকে পড়া কৃষকদের পাশে দাঁড়াতে সরকার এই মানবিক সহায়তা কর্মসূচি চালু করেছে। ঈদুল আজহার আগেই ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগকে তারা ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।

বক্তারা আরও বলেন, এই সহায়তার আওতায় ক্ষতিগ্রস্ত কৃষকেরা টানা তিন মাস জনপ্রতি তিন হাজার টাকা ও ১৫ কেজি করে চাল পাবেন। যারা এখনো তালিকার বাইরে রয়েছেন, তাদেরও পর্যায়ক্রমে সহায়তার আওতায় আনার চেষ্টা করা হবে।

সহায়তা পাওয়া কৃষক নুপুর চন্দ্র দাস বলেন, অতিবৃষ্টিতে সব ফসল পানিতে তলিয়ে গেছে। পরিবার নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম। সরকারের এই সহায়তা ঈদের আগে অনেক উপকারে আসবে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, শাল্লা, কৃষক কার্ড

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ