২৭ মে ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

ছাতকে চুরির অভিযোগে বাড়িঘর ভাংচুর, নারী ও শিশুর উপর হামলা

প্রতিনিধি, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৫ মার্চ, ২০২৬ ৭:৪০ অপরাহ্ন

ছবিঃ শিশুকে সঙ্গে নিয়ে দা হাতে আক্রমণকারীদের হাত থেকে বাড়ি রক্ষার চেষ্টা করছেন একজন নারী। ভিডিও থেকে সংগৃহীত।

চুরির অভিযোগে সুনামগঞ্জের ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের কুর্শি গ্রামে নারী ও শিশুর উপর হামলা, ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ মার্চ) দুপুরে দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শি গ্রামের আলী হোসেনের বাড়িতে এই ঘটনা ঘটে। তিনি গ্রামের আব্দুল খালিকের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গরু চুরির ঘটনা নিয়ে কুর্শি বাজারে সালিশে বসেন স্থানীয়রা। এক পর্যায়ে এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে গ্রামের আলী হোসেন নামে এক ব্যক্তির বাড়িঘর ভাঙচুর চালায়। এতে বসতঘরের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

 

এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, এক নারী শিশুকে সঙ্গে নিয়ে দা হাতে বাড়ি রক্ষার চেষ্টা করছেন।

 

দোলারবাজার ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার শায়েক আহমদ, রাইজিংবিডি-কে বলেন, আমাদের কুর্শি গ্রাম সহ আশপাশ এলাকায় দীর্ঘদিন থেকে চুরির উৎপাত বেড়ে যায়। পরে আমাদের বৃহত্তর কুর্শি এলাকার মুরুব্বিদের নিয়ে এলাকার চিহ্নিত চুর নিয়ে আমরা একবার বসে তাদেরকে চুরি বাদ দিয়ে ভালো পেশায় যুক্ত হওয়ার আহবান জানিয়েছিলাম। তারা উপস্থিত এলাকাবাসীকে সাক্ষী রেখে এবং মুচলেকা দিয়ে যায় যে তারা আর কখনও চুরি করবে না। কিন্তু চুরি বন্ধ হয়নি। গতরাতে হাতেনাতে এলাকার একজনকে গরু চুরিতে আটক করা হয়। সেটি নিয়ে আজ বাজারে মুরুব্বিরা সালিশে বসেন। এসময় চোর প্রমাণিত হওয়ায় গ্রামবাসী উত্তেজিত হয়ে আলী হোসেনের বাড়ির দিকে যায়, এবং ভাঙচুর করে। 

 

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, আমরা চুরির খবরে ঘটনাস্থলে যাই, এবং একজনকে আটক করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

ছাতক, সুনামগঞ্জ , চুরির অভিযোগ, বাড়ি-ঘর ভাংচুর, নারী ও শিশুর উপর হামলা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ