২৫ মে ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

সিলেট নগরীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭৬

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৫ মে, ২০২৬ ১:৫৩ অপরাহ্ন


সিলেটে নগরজুড়ে বিশেষ সাঁড়াশি অভিযান জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গত ৩২ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৭৬ জনকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। একই সময়ে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১৭০টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোমবার (২৫ মে) সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মনজুরুল আলম এসব তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, মহানগরীর বিভিন্ন থানা এলাকায় থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি, চোরাচালানকারী, মাদক ব্যবসায়ী ও সেবনকারী, চোর, জুয়াড়ি এবং সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।

এসএমপি জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে কয়েকজনের কাছ থেকে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়েছে। পৃথক অভিযানে ১০ পিস ইয়াবাও জব্দ করা হয়েছে।

পুলিশ কর্মকর্তারা বলছেন, নগরীতে সাম্প্রতিক ছিনতাই, চুরি ও মাদকসংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত অভিযানের পাশাপাশি বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে র‌্যাব সদস্য ইমন আচার্য হত্যার পর নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট, প্রবেশপথ ও ঝুঁকিপূর্ণ এলাকায় তল্লাশি জোরদার করা হয়েছে।

এদিকে মহানগর ট্রাফিক পুলিশও পৃথক অভিযান চালিয়ে ট্রাফিক আইন অমান্যের অভিযোগে ১৭০টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এর মধ্যে ফিটনেসবিহীন যানবাহন, লাইসেন্সবিহীন চালক, অবৈধ পার্কিং ও কাগজপত্র ছাড়া চলাচলের অভিযোগ রয়েছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সিলেট, নগর, অভিযান, গ্রেপ্তার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ