
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। রোববার (১৮ মে) রাত ১০টার দিকে প্রথমে নগরীর মাউন্ট এডোরো হাসাতালের সামনে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। আধঘন্টা পরে বিশ্ববিদ্যালয়ের মুল ফটকের সামনে সড়ক অবরোধ করেন তারা।
রাত ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সিলেট-সুনামগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে রাস্তার দুপাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।
মারধরে আহত শিক্ষক ড. মো. শফিকুল ইসলামকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান।
পুলিশ ও শিক্ষার্থী সূত্রে জানা গেছে, নগরীর আখালিয়া এলাকায় মাউন্ড এডোরা হাসপাতালের সামনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মো. শফিকুল ইসলামের ব্যক্তিগত গাড়ির সঙ্গে মোটরসাইকেল আরোহী এক যুবকের ধাক্কা লাগে। এতে ওই যুবক ক্ষিপ্ত হয়ে শিক্ষককে মারধর ও লাঞ্ছিত করেন। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাত সাড়ে ৯টার দিকে মাউন্ট এডোরা হাসপাতালের সামনে সিলেট–সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন। সেখানে আধা ঘণ্টা বিক্ষোভ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের দিকে চলে যান। সেখানে রাত ১০টা থেকে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
শিক্ষার্থীদের দাবি, শিক্ষকের গায়ে হাত তোলা ওই ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। রাত ১২টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন।
মারধরের শিকার শিক্ষক ড. মো. শফিকুল ইসলাম সিলেট ভয়েসকে বলেন, তিনি ব্যক্তিগত গাড়ি চালিয়ে পাঠানটুলার দিকে যাচ্ছিলেন। যাওয়ার পথে মাউন্ট এডোরার সামনে এক ব্যক্তির মোটরসাইকেল নিয়ে তাঁর গাড়ির ধাক্কা লাগে। এক পর্যায়ে ওই ব্যক্তি গড়ি থেকে নেমে তাকে মারতে আসেন। এসময় প্রতিবাদ করলে মারধর ও লাঞ্ছিত করা হয়।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জাহাঙ্গীর আলম বলেন, শিক্ষার্থীদের বুঝিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আনা হয়েছে। শিক্ষককে মারধর করা ব্যক্তিকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, শিক্ষককে মারধর করা যুবকের নাম রাসেল। সে আখালিয়া নেহারীপাড়া এলাকার বাসিন্দা। তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান পরিচালনা করছে।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
শাবি, শিক্ষককে মারধর, সড়ক অবরোধ, সিলেট-সুনামগঞ্জ


