সিলেটে সীমান্তবর্তী এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৭ জুন, ২০২৬ ৮:২৪ অপরাহ্ন
সিলেটের জকিগঞ্জ, জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত এলাকায় পৃথক অভিযানে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় চোরাই পণ্য ও গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার ও বুধবার (১৭ জুন) দুইদিনব্যাপী পরিচালিত এ অভিযানে কোনো চোরাকারবারিকে আটক করা যায়নি।
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার ভোরে জকিগঞ্জ উপজেলার শেওলা জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫ হাজার ৯০০ প্যাকেট ভারতীয় সিগারেট এবং একটি পিকআপ জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৩ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
এর আগে মঙ্গলবার জৈন্তাপুর, লালাখাল ও সুরইঘাট বিওপির টহল দল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় ৬টি ভারতীয় গরু, ২৬টি কম্বল, ৫৫০টি কিটক্যাট চকলেট, ২৮৭ কেজি চিনি ও ৬৮ কেজি চা–পাতা জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্য ও পুশুর আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। জব্দ করা মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিজিবি, জকিগঞ্জ সীমান্ত, ভারতীয় পণ্য জব্দ, চোরাচালান, সিলেট সীমান্ত অভিযান