১৫ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

ওসমানীনগরে সৌরভ হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার

প্রতিনিধি, ওসমানীনগর, সিলেট

প্রকাশঃ ৭ মার্চ, ২০২৬ ৪:৫৫ অপরাহ্ন


সিলেটের ওসমানীনগরে চাঞ্চল্যকর শাহজাহান মিয়া ওরফে সৌরভ হত্যা মামলার প্রধান তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। শুক্রবার (৬ মার্চ) ভোরে কুমিল্লার দেবিদ্বার ও কোতোয়ালী থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ওসমানীনগর উপজেলার পশ্চিম তিলাপাড়া গ্রামের আব্দুল বারির ছেলে রুহেল আহম্মেদ (৩০), রাসেল আহমদ (২৩) ও রাহেল আহমদ (২৫)।

র‍্যাব-৯ এর গণমাধ্যম শাখা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ এর সহযোগিতায় শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেবিদ্বার থানার মোহনপুর এলাকা থেকে দুইজন এবং কোতোয়ালী থানার আমতলী এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরশেদুল আলম ভূঁইয়া জানান, গ্রেপ্তার তিন আসামিকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ১০ জানুয়ারি বিকেলে ওসমানীনগরের তিলাপাড়া মসজিদের পাশে শাহজাহান মিয়া ওরফে সৌরভের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ওসমানীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

ওসমানীনগর হত্যা, সৌরভ হত্যা মামলা, র‍্যাব-৯ অভিযান, সিলেট অপরাধ, ওসমানীনগর সংবাদ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ