০২ মে ২০২৬

দৈনন্দিন

সিলেট থেকে প্রথম হজ ফ্লাইট যাচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৪ মে, ২০২৫ ১:৪৭ অপরাহ্ন


সিলেট থেকে আজ শুরু হতে যাচ্ছে চলতি মওসুমের সরাসরি হজ ফ্লাইট। আজ বুধবার (১৪ মে) বিকাল সাড়ে ৫টায় ৪১৮ জন যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের বিজি-২৩৭ ফ্লাইট মদিনার উদ্দেশে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে।

 

এ উপলক্ষ্যে আজ বুধবার (১৪ মে) বিকাল সাড়ে ৩টায় বিমানবন্দরে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুন নাসের খান। 


এছাড়া এই অনুষ্ঠানে সিলেট থেকে হজ্জযাত্রীবৃন্দ, সিলেটের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সুধীজন, বাংলাদেশ বিমান এয়ারলাইন্স ও বিমাবন্দরের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন।

 

এদিকে সিলেট থেকে প্রথম শুরু হচ্ছে হজ ফ্লাইটের সকল প্রস্তুতি শেষ হয়েছে এবং হজযাত্রীরা ইতোমধ্যে উপস্থিত হতে শুরু করেছেন বলে সিলেট ভয়েসকে নিশ্চিত করেছেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমেদ।  

 

তিনি জানান, হজ ফ্লাইটের কার্যক্রম শুরু হয়ে গেছে। আর যেহেতু প্রথম একটা হজ্জ ফ্লাইট সিলেট থেকে যাবে তার জন্য একটা আনুষ্ঠানিকতা আছে, দোয়া ও উদ্বোধনী অনুষ্ঠান হবে বিমান বাংলাদেশের আয়োজনে। আর আমাদের সম্মানিত হজ যাত্রীদের এয়ারপোর্টে আসা শুরু হয়েছে। 

 

এছাড়া নির্ধারিত সময়েই মদীনার উদ্দেশ্যে হজ ফ্লাইটটি ছেড়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

 

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সিলেট থেকে সৌদী গমনকে সামনে রেখে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। হাজীদের যাত্রা সহজ করতে নানামুখী বিস্তারিত পদক্ষেপ নেয়া হয়েছে। এছাড়া সিলেট অঞ্চলের হজযাত্রীদের ভোগান্তি কমাতে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই হজ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

বিমান বাংলাদেশ সূত্রে জানা গেছে, ১৪ মে’র সিলেট টু মদীনার উদ্বোধনী এ ফ্লাইটের পর বাকী চারটি হজ ফ্লাইটের শিডিউল রয়েছে। তা হলো আগামী ২৩ মে বিকেল ৫টা ২৫ মিনিটে, ২৫ মে বেলা ১টা ১৫ মিনিটে, ২৬ মে বিকেল ৪টা ৪৫ মিনিটে ও ২৯ মে বিকেল ৪টা ৪৫ মিনিট। এসব ফ্লাইট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করবে।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, এবারও রোড টু মক্কা কর্মসূচির আওতায় ঢাকাতে দুদেশের যাত্রীদের ইমিগ্রেশন হবে। তবে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে গমনকারী যাত্রীদের ইমিগ্রেশন সৌদি আরবে অনুষ্ঠিত হবে। এছাড়া এ বছর দেশের অন্যান্য এলাকার যাত্রীরা ঢাকায় ইমিগ্রেশন সম্পন্ন করে সৌদি আরব যাবেন। তবে বুধবারের প্রথম ফ্লাইটে যাত্রীদের ইমিগ্রেশন হবে সিলেট বিমানবন্দরেই।

 

উল্লেখ্য, এবারে সারাদেশের হজযাত্রীদের মধ্যে সরকারি মাধ্যমে ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি মাধ্যমে ৮১ হাজার ৯০০ জন্য এবার হজে যাবেন। হজযাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হজের আগে ১১৮টি এবং হজের পরে ১০৯টি ফ্লাইট পরিচালনা করবে। হাজীদের নিয়ে প্রথম ফিরতি ফ্লাইট আসবে ১০ জুন এবং শেষ ফিরতি ফ্লাইট আসবে ১০ জুলাই।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট হজ ফ্লাইট, হজ ফ্লাইট ২০২৫, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, ২০২৫ হজ যাত্রী, সিলেট থেকে হজ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ