১৬ ফেব্রুয়ারি ২০২৬

অপরাধ-বিচার / মামলা

ওসমানীনগরে সৌরভ হত্যা: ২৪ জনের বিরুদ্ধে মামলা, তিন নারী গ্রেপ্তার

প্রতিনিধি, ওসমানীনগর, সিলেট 

প্রকাশঃ ১৩ জানুয়ারী, ২০২৬ ৯:৩৫ অপরাহ্ন

ছবিঃ ফাইল ছবি

সিলেটের ওসমানীনগর উপজেলায় পূর্ব বিরোধের জেরে সংঘটিত সংঘর্ষে শাহজাহান মিয়া ওরফে সৌরভ (২৪) নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও পাঁচজনকে আসামি করা হয়েছে। 

 

সোমবার (১২ জানুয়ারি) রাতে নিহতের বাবা আব্দুল আজিজ বাদী হয়ে ওসমানীনগর থানায় মামলাটি করেন। নিহত সৌরভ উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের উত্তর তিলাপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে। 

 

এজাহার সূত্রে জানা যায়, গত ১০ জানুয়ারি বিকেলে সৌরভ জামতলা বাজার থেকে বাড়ি ফেরার পথে উত্তর তিলাপাড়া জামে মসজিদের পশ্চিম পাশের সড়কে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালান। সুলফি দিয়ে গলায় আঘাতসহ ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।

 

পরে সৌরভকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁকে বাঁচাতে এগিয়ে গেলে আরও কয়েকজন আহত হন। তাঁদের মধ্যে কয়েকজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

 

এদিকে ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে তিন নারীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

 

নিহতের মা সাজেদা বেগম বলেন, ‘আমার পুতের খুনের বদলা আমি খুনির ফাঁসি চাই। আমার কলিজা জ্বলে গেছে। সরকারের কাছে অনুরোধ, দ্রুত খুনিদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা হোক।’

 

নিহতের বাবা ও মামলার বাদী আব্দুল আজিজ জানান, ২০২১ সালে গরু ধান খাওয়াকে কেন্দ্র করে বারিকদের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। এরপর থেকে তার বাড়িতে একের পর এক হামলা ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় শনিবার তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

 

এ বিষয়ে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরশেদুল আলম ভুঁইয়া বলেন, ‘আটককৃত তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

ওসমানীনগর সৌরভ হত্যা, সিলেট হত্যা মামলা, উত্তর তিলাপাড়া সংঘর্ষ, ওসমানীনগর থানা, সিলেট খুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ