কাজ থাকলে আয়, না থাকলে ধার: সিলেট নগরীর শ্রমিকদের বাস্তবতা
দৈনন্দিন
প্রকাশঃ ৯ মে, ২০২৫ ৮:৫৫ অপরাহ্ন
এক সপ্তাহের বকেয়া বেতন হাতে পেয়ে কাজে ফিরেছেন সিলেটের বুরজান টি ফ্যাক্টরি, বুরজান, ছড়াগাং ও কালাগুল বাগানের চা শ্রমিকরা। শুক্রবার (৯ মে) সকাল থেকে স্ব-স্ব চা বাগানে পাতা তোলার কাজ শুরু করেন তারা।
শুক্রবার সন্ধ্যায় সিলেট ভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ।
এর আগে আজ সকাল ১০টার দিকে চা বাগানগুলোতে শ্রমিকদের হাতে বকেয়া বেতন তুলে দেওয়া হয়। বেতন পেয়েই তারা কাজে যোগদান করেছে।
সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ বলেন, আজকে ১ সপ্তাহের বকেয়া বেতন দেওয়া হয়েছে। বকেয়া বেতন পেয়ে তারা কাজে ফিরেছে।
তিনি আরও বলেন, শ্রমিকরা এখন চা পাতা উত্তোলন করবে। উত্তোলিত চা পাতা কাঁচায় বিক্রি করা হবে। এই টাকা দিয়ে দ্রতই তাদের অবশিষ্ট দিনের বকেয়া পরিশোধ করা হবে।
চা ফ্যাক্টরিগুলো বন্ধ রয়েছে উল্লেখ করে ইউএনও বলেন, বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করায় কারখানার লাইন কাটা রয়েছে। এজন্য চা পাতা তুলে এখনই চা উৎপাদন সম্ভব হচ্ছে না। কারখানা চালু হলে সংকটগুলো শীঘ্রই কাটবে। আর কারখানা চালুর জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
রেশন দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে ইউএনও বলেন, আজ রেশন দেওয়া হয় নি। আগামী রোববার বা তার পরদিন জেলা প্রশাসকের পক্ষ থেকে ১০ কেজি করে চাল দেওয়া হবে।
চা শ্রমিক নেতা সোহাগ ছত্রী বলেন, আজ সকালে চা শ্রমিকদেরকে আশ্বাস অনুযায়ী ৭দিনের বকেয়া বেতন দেওয়া হয়েছে। গতকাল কিছু সমস্যার কারণে আমরা বেতন নিতে পারিনি। ইউএনও মহোদয় নিজে এসে চা বাগান পরিদর্শন করে আমাদেরকে বেতন পরিশোধ করেছেন। আর টাকা দেওয়ার পর সবাই কাজে ফিরেছেন।
উল্লেখ্য, গত ৪ মে ২০ সপ্তাহ ধরে বকেয়া রেশন ও বেতন পরিশোধ, বুরজান চা বাগান মালিকের লিজ বাতিসহ ১১দফা দাবিতে আম্বরখানা-এয়ারপোর্ট সড়ক অবরোধ করেন সিলেটে বুরজান টি ফ্যাক্টরি, বুরজান, ছড়াগাং ও কালাগুল বাগানের শ্রমিকেরা। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ উঠিয়ে রাস্তা ছাড়লেও আগামী ৩দিনের মধ্যে সকল দাবি মানতে সময়সীমা বেঁধে দেন চা শ্রমিকেরা। পরে চা শ্রমিকদের নিয়ে সৃষ্ট এ সমস্যা সমাধানের জন্য গত বুধবার সিলেটে আসেন বাংলাদেশ চা বোর্ডের চেয়্যারম্যান মেজর জেনারেল শেখ মো: সরওয়ার হোসেন।
তিনি এসে এক সপ্তাহের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস ও কাজে ফিরতে অনুরোধ জানান। এর প্রেক্ষিতে আজ চা শ্রমিকদেরকে ৭দিনে বকেয়া প্রদান করা হয়েছে। বকেয়া পেয়ে কাজে ফিরেছেন চা শ্রমিকেরা।
চা শ্রমিক আন্দোলন, সিলেট চা বাগান, চা শ্রমিক বেতন, বাংলাদেশ চা বোর্ড, চা শ্রমিক নেতা, চা শ্রমিক বকেয়া, চা শ্রমিক রেশন, সিলেট জেলা প্রশাসন