০৩ মে ২০২৬

কৃষি

ফসলি জমির মাটি বিক্রি, নষ্ট হচ্ছে উর্বরতা ও পরিবেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২২ ডিসেম্বর, ২০২৫ ১২:৪৬ অপরাহ্ন


সুনামগঞ্জের মধ্যনগরে ফসলি জমির মাটি কাটার হিড়িক চলছে। দিনে–রাতে ভেকু (এক্সকেভেটর) ব্যবহার করে ফসলি জমির টপ সয়েল ও বালি কাটা হচ্ছে। ফলে কৃষি উৎপাদন ও পরিবেশ-দুইই হুমকির মুখে পড়ছে।


উপজেলার বিভিন্ন এলাকায় ফসলি জমির পাশাপাশি সরকারি খাস জমি, খাল ও বিল থেকেও নির্বিচারে মাটি কাটা হচ্ছে। উর্বর পলি মাটিতে সমৃদ্ধ এই অঞ্চলের কৃষিজমি নষ্ট করে মাটি বিক্রি হলেও উপজেলা প্রশাসনের কার্যকর উদ্যোগ না থাকায় মাটি ব্যবসায়ীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, এসব জমিতে ধান, সরিষা ও বিভিন্ন সবজি ব্যাপকভাবে উৎপাদিত হয়। কিন্তু কিছু অসাধু মাটি ব্যবসায়ী কৃষকদের অর্থের প্রলোভন দেখিয়ে জমির ওপরের উর্বর টপ সয়েল কিনে নিচ্ছেন। পরে সেই মাটি নির্মাণাধীন বাড়ি, গর্ত ভরাটসহ উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি সড়কে বিক্রি করা হচ্ছে। নিয়মিত অভিযান না থাকায় মাটি ও বালু উত্তোলন বন্ধ হচ্ছে না।


খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে মধ্যনগরে ফসলি জমির টপ সয়েল বিক্রির প্রবণতা বেড়েছে। স্থানীয়দের বাড়ি উঁচু করা, গর্ত ভরাট এবং ইউনিয়ন পরিষদের উন্নয়ন প্রকল্পের রাস্তায় এসব মাটি ব্যবহার হচ্ছে। মাহিন্দ্র গাড়িতে মাটি পরিবহনের কারণে গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে; ধুলাবালিতে স্বাভাবিক চলাচলও ব্যাহত হচ্ছে।


উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, টপ সয়েলই জমির প্রাণ। জমির ওপরের আট থেকে দশ ইঞ্চি অংশে জৈবশক্তি ও উর্বরতা সবচেয়ে বেশি থাকে। এই অংশ কেটে নিলে কৃষি উৎপাদন মারাত্মকভাবে কমে যেতে পারে। যেভাবে মাটি বিক্রি হচ্ছে, তাতে ভবিষ্যতে ফসল উৎপাদন আশঙ্কাজনক হারে হ্রাস পেতে পারে।


উপজেলার কৃষক নজরুল জানান,  ফসলের ক্ষতির আশঙ্কা জেনেও উপায় না পেয়ে তারা মাটি বিক্রি করছেন।


উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা আকমল হুসেন বলেন, ফসলি জমি থেকে মাটি কাটলে উর্বরতা নষ্ট হয় এবং উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে যায়। মধ্যনগরের বিভিন্ন হাওরে কৃষি জমি থেকে মাটি কাটার চিত্র উদ্বেগজনক। দ্রুত ব্যবস্থা না নিলে কৃষি ও পরিবেশ-দুটিই বড় সংকটে পড়বে।


মধ্যনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) সঞ্জয় ঘোষ বলেন, লিখিত আবেদন সাপেক্ষে প্রয়োজন হলে মাটি কাটার অনুমোদন দেওয়া হয়। তবে কোনো অনুমোদন ছাড়াই কিছু ব্যক্তি অবৈধভাবে মাটি কাটছে। এতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার করুনঃ

কৃষি থেকে আরো পড়ুন

ফসলি জমি, মাটি বিক্রি, নষ্ট, উর্বরতা, পরিবেশ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ