২৬ মে ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

বিজয় দিবস আমাদের দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেয়: মিফতাহ্ সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৭ ডিসেম্বর, ২০২৫ ৫:১২ অপরাহ্ন


বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও হলিসিটি কলেজিয়েট স্কুলের চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, বিজয় দিবস কেবল একটি ঐতিহাসিক দিনের স্মৃতিচারণ নয়, বরং জাতির প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্যের কথাও মনে করিয়ে দেয়। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতার মূল লক্ষ্য ছিল একটি সুখি, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা।

বুধবার দুপুরে মহান বিজয় দিবস উপলক্ষে হলিসিটি কলেজিয়েট স্কুল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিফতাহ্ সিদ্দিকী বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রণাঙ্গনে নেতৃত্ব দিয়ে মুক্তিযুদ্ধকে এগিয়ে নিয়েছিলেন। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তার স্বাধীনতার ঘোষণা মুক্তিযোদ্ধাদের মধ্যে ঐক্য ও দৃঢ়তা সৃষ্টি করে। পাশাপাশি মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম. এ. জি. ওসমানীর কৌশলগত নেতৃত্ব মুক্তিবাহিনীকে সুসংগঠিত করে বিজয় অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, স্বাধীনতা অর্জনের পর তা রক্ষা করা ছিল আরেকটি বড় চ্যালেঞ্জ। সেই সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র, বহুদলীয় ব্যবস্থা ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন অবস্থান গ্রহণ করেন। তার নেতৃত্বে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে।

ভবিষ্যৎ বাংলাদেশের কথা উল্লেখ করে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আজকের তরুণ প্রজন্মের হাতে। তারেক রহমান একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও মানবিক বাংলাদেশ গড়ার যে রূপরেখা দিয়েছেন, তা তরুণদের জন্য কর্মসংস্থান, শিক্ষা ও উদ্ভাবনের নতুন সুযোগ সৃষ্টি করবে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্রনায়ক, বিজ্ঞানী, শিক্ষক ও উদ্যোক্তা। সততা, দেশপ্রেম ও জ্ঞানচর্চার মাধ্যমে তোমরাই আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ করবে। মুক্তিযুদ্ধের চেতনায় মানবিকতা, ন্যায়বোধ ও দায়িত্বশীল নাগরিকত্ব গড়ে তুলতে পারলে বাংলাদেশ সত্যিকার অর্থেই সুখি, সমৃদ্ধ ও স্বনির্ভর রাষ্ট্রে পরিণত হবে।

অনুষ্ঠানে হলিসিটি কলেজিয়েট স্কুলের ব্যবস্থাপনা পরিচালক আনহার মিয়ার সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মইনুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৈয়দ নাসির উদ্দীন রহ স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান হুমায়ুন আহমেদ মাসুক, সিলেট কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সহসভাপতি মাসুক মিয়া, সাংগঠনিক সম্পাদক সাজিদুর রহমান মুরাদ এবং কাজী লুৎফুর রহমান।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

সিলেট, মিফতাহ্ সিদ্দিকী, বিএনপি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ