দিরাই–শাল্লার উন্নয়ন পিছিয়ে রয়েছে দাবি করে আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শিশির মনিরকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম। তিনি বলেন, ‌‌‌‘গত ৫৪ বছরে অসংখ্য নেতা মানুষকে আশ্বাস দিলেও নির্বাচিত হওয়ার পর জনগণের কথা ভুলে গেছেন। দিরাই–শাল্লার ভাগ্য উন্নয়নে কেউ এগিয়ে আসেনি। এই অঞ্চলের বাস্তব পরিবর্তন চাইলে দাঁড়িপাল্লায় শিশির মনিরকে ভোট দিতে হবে।’

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর দুইটায় দিরাই থানাপয়েন্ট মোড়ে আয়োজিত যুব ও গণসমাবেশে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সাদিক কায়েম বলেন, ‘নির্বাচনের আগেই শিশির মনির এলাকায় যে উন্নয়নমূলক কাজ করেছেন, তা চোখে দেখা যায় রাস্তাঘাট নির্মাণ, ফুটবল টুর্নামেন্ট আয়োজন, ফ্রি চক্ষু চিকিৎসা এসব প্রমাণ করে, নির্বাচিত হলে তিনি আরও বেশি কাজ করবেন। বাংলাদেশে যাঁরা নির্বাচিত হবেন, তাঁদের মধ্যে শিশির মনির সবচেয়ে বেশি কাজ করবে এ ব্যাপারে আমি নিশ্চিত।”

তিনি আরও বলেন, ‘শিশির মনির একদিনে তৈরি হয়নি। ছাত্র রাজনীতি থেকে শুরু করে গণআন্দোলন পর্যন্ত মানুষের পাশে থেকেছেন। গত জুলাইয়ের আন্দোলনেও তিনি মাঠ পর্যায়ে সমন্বয়কারীদের সঙ্গে যুক্ত ছিলেন। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে তিনি দিরাই–শাল্লাকে রোল মডেল হিসেবে তুলে ধরবেন।’

সমাবেশে সভাপতিত্ব করেন দিরাই উপজেলা জামায়াতে ইসলামের আমীর মাওলানা আব্দুল কুদ্দুস। যৌথ সঞ্চালনায় ছিলেন জামায়াত কর্মী ইমরান হোসাইন ও সিলেট ইবনেসিনা হাসপাতালের ইনচার্জ মো. রেজাউল ইসলাম।

সমাবেশের প্রধান অতিথি, সুনামগঞ্জ–২ (দিরাই–শাল্লা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শিশির মনির বলেন, “নির্বাচিত হলে দিরাই–শাল্লার যোগাযোগব্যবস্থা সংস্কার, প্রতিটি ইউনিয়নের সঙ্গে উপজেলা সদরের সংযোগ সড়ক স্থাপন এবং ৪৫ হাজার বেকার যুবকের কর্মসংস্থান তৈরি আমার অগ্রাধিকার হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা ও মো. শাহীনুর রহমান। দিরাই ও শাল্লার বিভিন্ন স্তরের জামায়াত নেতা-কর্মীসহ কয়েক হাজার মানুষ সমাবেশে অংশ নেন।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

শিশির মনির, দিরাই, শাল্লা, সাদিক কায়েম