০৫ মে ২০২৬

দৈনন্দিন

সিলেটে ২৪ অক্টোবর থেকে এনআইডি ছাড়া ট্রেনে চলাচল করা যাবে না

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৭ অক্টোবর, ২০২৫ ৩:১৯ অপরাহ্ন


সিলেটে আগামী ২৪ অক্টোবর থেকে জাতীয় পরিচয়পত্র ছাড়া ট্রেনে চলাচল করা যাবে না। ট্রেনের টিকিটের সঙ্গে এনআইডি কার্ডও সঙ্গে রাখতে হবে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে সিলেট জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নতিকল্পে করণীয় শীর্ষক জরুরি সভায় এই নির্দেশনা দিয়েছেন সিলেটের ডেপুটি কমিশনার (ডিসি) মো. সারোয়ার আলম। ট্রেনের টিকিট কালোবাজারি ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিযেছেন তিনি।  


তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী ২৪ অক্টোবর থেকে যারা ট্রেনের টিকিট কাটবেন তারা টিকিটের পাশাপাশি জাতীয় পরিচয়পত্রটা সঙ্গে রাখবেন। একজনের টিকিটে আরেকজন পরিবহন করতে পারবেন না।


ডিসি আরও বলেন, এই সিদ্ধান্তে শুরুতে কারো কারো কষ্ট হতে পারে। কিন্তু টিকিট কালোবাজারির সিন্ডিকেট ভাঙার জন্য এর চেয়ে বিকল্প কোনো পথ আমাদের হাতে নেই। সুতরাং আমরা আশা করছি শুরুতে কষ্ট হলেও এক থেকে দুই সপ্তাহের মধ্যে এ সিন্ডিকেট অনেকাংশ কমে যাবে।


তিনি বলেন, এখন থেকে স্টেশনগুলোতে আমাদের ম্যাজিস্ট্রেট এবং পুলিশ কর্মকর্তারা থাকবেন। সব সময় টিকিট চেক করা হবে। 


জরুরি সভায় সিলেটের হকার উচ্ছেদ প্রসঙ্গে ডিসি বলেন, আমাদের লালদিঘির পাড় পুরোপুরি প্রস্তুত। আগামী রোববার থেকে নগরীর ফুটপাতে আর কোন হকার বসতে পারবে না। আগামী শনিবারই এ শহরে হকার বসার শেষ দিন। রোববার থেকে আমরা এ শহরে কোন হকারকে বসতে দিবো না।

আকাশ পথে সিলেট-ঢাকা রুটের টিকিটের দাম কমানো প্রসঙ্গে ডিসি সারওয়ার বলেন, আমরা সরকারি বেসরকারি বিমান পরিসেবার সঙ্গে কথা বলেছি এবং সেটা জানিয়েছিও। এ রুটের টিকিটের দাম অনেক বেশি, এটা যেনো নাগালের মধ্যে নিয়ে আসা হয়।


সভায় সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী, সিলেট জেলা বিএনপির সভাপতি মো. আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট রেলওয়ে স্টেশন, টিকিট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ