০৫ মে ২০২৬

দৈনন্দিন

জুলাই চার্টার নিয়ে শঙ্কা, তবে নির্ধারিত সময়েই নির্বাচন হবে: শিশির মনির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৬ অক্টোবর, ২০২৫ ২:২৩ অপরাহ্ন


নতুন বাংলাদেশ গড়তে হলে নতুন চিন্তাধারার মানুষ প্রয়োজন, যারা নিজে জানবে, অন্যদের পথ দেখাবে এবং সেই পথেই চলবে— এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি শিশির মনির।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে সিলেটের মুরারিচাঁদ কলেজ (এমসি কলেজ) ক্যাম্পাসে নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শিশির মনির বলেন, “৫ আগস্টের পর থেকে মানুষের মধ্যে ভিন্নধর্মী সচেতনতা সৃষ্টি হয়েছে। এখন মানুষ প্রতিশ্রুতিতে বিশ্বাস করে না, তারা বাস্তবায়ন দেখতে চায়। এজন্য আমি বলেছি, তারা যেন নিজেদের তৈরি করে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তুলতে প্রস্তুত হয়। শুধু মুখে বললে হবে না, কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। যারা তা পারবে, জনগণ তারাই গ্রহণ করবে। ডাকসু, জাকসু এবং আশা করি রাকসুও এর উদাহরণ হবে।”

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে শিবিরের বিজয় প্রসঙ্গে তিনি বলেন, “ছাত্রশিবির যাদের মনোনয়ন দিয়েছে, তারা ভালো ছাত্র, চরিত্রবান এবং ভদ্র আচরণের। নতুন প্রজন্ম ‘বসগিরি’ রাজনীতি চায় না; তারা এমন বন্ধুকে চায়, যার কাছে নিজের সুখ-দুঃখ বলা যায়, যার কাছ থেকে শেখা যায়। শিবির শিক্ষার্থীদের এই মনোভাব বুঝতে পেরেছে, তাই তারা ভূমিধস বিজয় পেয়েছে।”

আগামী জাতীয় নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই জানিয়ে শিশির মনির বলেন, “নির্ধারিত সময় ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। আমাদের শঙ্কা কেবল জুলাই চার্টার নিয়ে। আগামীকাল (শুক্রবার) জুলাই চার্টার স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। আমরা আজ রাতে ঢাকায় যাচ্ছি, যেন শঙ্কাহীন পরিবেশে চার্টার স্বাক্ষর সম্পন্ন হয়— সে জন্য সবাই কাজ করছি।”

জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে তিনি বলেন, “এই মামলার বিচার প্রক্রিয়া বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ ও দ্রুতগতির। রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক প্রায় শেষের দিকে, এরপর আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হলে দ্রুতই রায় ঘোষণা হবে। রাষ্ট্রপক্ষ যে প্রমাণ উপস্থাপন করেছে, বাংলাদেশের ইতিহাসে কোনো ক্রিমিনাল মামলায় এত শক্ত প্রমাণ আগে দেওয়া হয়নি।”


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

জুলাই, চার্টার শঙ্কা, নির্ধারিত, সময়, নির্বাচন, শিশির মনির, ছাত্রশিবির

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ