১৮ জুন ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

বিএনপির ৩১ দফা প্রচারে এবার ‘হাওর ঘাটে’ সালমা নজির

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ১৫ অক্টোবর, ২০২৫ ৯:১৩ অপরাহ্ন


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের প্রচারে এবার ‘হাওর ঘাটে’ কর্মসূচি শুরু করেছেন সুনামগঞ্জ-১ (তাহিরপুর–জামালগঞ্জ–ধর্মপাশা–মধ্যনগর) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী সালমা নজির।

বুধবার (১৫ অক্টোবর) সকালে তাহিরপুর থেকে ইঞ্জিনচালিত নৌকায় ‘হাওর ঘাটে’ কর্মসূচির সূচনা করেন তিনি। নৌকার সামনে সাঁটানো ব্যানারে ৩১ দফার মূল বার্তা তুলে ধরে দিনভর হাওরের এক ঘাট থেকে অন্য ঘাটে গিয়ে স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময় করেন সালমা নজির। কখনো ঘাটে, কখনো বাড়ির উঠোনে মাটিতে বসে বৈঠক করেন। এসব বৈঠকে তিনি বিএনপির ৩১ দফা কর্মসূচি প্রচারের পাশাপাশি প্রান্তিক মানুষের মতামতও সংগ্রহ করেন।

এ আসনের অন্য মনোনয়নপ্রত্যাশীরা হাওরে স্পিডবোটে শোডাউন করলেও সালমা নজির তার কর্মসূচিতে ব্যতিক্রমী পথ বেছে নিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘হাওরাঞ্চলে যোগাযোগের দুটো পথ—বর্ষায় নাও, হেমন্তে পাও—এটা এখানে প্রবাদবাক্যের মতো প্রচলিত। বর্ষা শেষে যেমন ২০০১ সালের নির্বাচন হয়েছিল, তখন আমার স্বামী নজির হোসেন নৌযানেই গহিন হাওর এলাকায় গিয়ে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছিলেন। সেই সময় ধানের শীষের বড় জয়ের পেছনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।’

তিনি আরও বলেন, ‘বর্ষা শেষে এই সময়ে আমি সেই সময়টাকে স্মরণ করে মাঠে নেমেছি। হাওর শুকাতে শুরু করলে চলাচলে বিড়ম্বনা বাড়বে। তাই দুর্গম এলাকায় আগেভাগে ধানের শীষের প্রচার পৌঁছে দিতে নিরিবিলি পরিবেশে নৌকায় হাওরের ঘাটে ঘাটে যাচ্ছি। এতে করে মানুষের একান্ত মনোযোগও পাওয়া যাচ্ছে।’

জানা গেছে, হাওরবেষ্টিত সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা নজির হোসেন গত ২৮ মার্চ আকস্মিকভাবে মারা যান। তাঁর মৃত্যুতে দলমতনির্বিশেষে শোকের ছায়া নেমে আসে এলাকায়। সেই সময় থেকেই রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন তাঁর স্ত্রী সালমা নজির।

আগামী জাতীয় নির্বাচনে এই আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে সালমা নজির ছাড়াও মাঠে রয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল হক, কামরুজ্জামান কামরুল, যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, ছাত্রদল থেকে বিএনপি রাজনীতিতে আসা হামিদুল হক লিটন আফিন্দী এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি নিজাম উদ্দিন।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, সুনামগঞ্জ-১, সালমা নজির, বিএনপি, মতবিনিময়,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ