১৮ জুন ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / ক্যাম্পাস

বিশ্ববিদ্যালয়ের সমস্যা রাতারাতি সমাধান করা সম্ভব নয়, ধাপে ধাপে চেষ্টা করছি: শাবি উপাচার্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৮ জুন, ২০২৬ ৭:৫৪ অপরাহ্ন


বিশ্ববিদ্যালয়ের সমস্যা রাতারাতি সমাধান করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। 

 

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কিছু সমস্যা রয়েছে যা রাতারাতি সমাধান করা সম্ভব নয়। তবে আমরা ধাপে ধাপে সেগুলো সমাধানের চেষ্টা করছি। ক্যাম্পাসের সড়কগুলো সংস্কার, শিক্ষার্থীদের জন্য উন্নতমানের খাবারের ব্যবস্থা, ক্যাফেটেরিয়ায় রাতের খাবার চালুর সম্ভাবনা এবং কেন্দ্রীয় লাইব্রেরির আধুনিকায়নের বিষয়ে আমরা কাজ করছি।’

 

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের ২০২৫-২৬ সেশনের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন । 

 

শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, ব্যবসায় প্রশাসন আমার নিজের বিভাগ। এটি আমার বাড়ি-ঘরের মতো। এখন এই বিশ্ববিদ্যালয়ের সবাই আমার পরিবার। সরকার আমাকে এখানে শিক্ষক-শিক্ষার্থীদের সেবা করার দায়িত্ব দিয়ে পাঠিয়েছে।

 

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, এ সময়টি নিজেকে গড়ে তোলার এবং নিজের সম্ভাবনাকে বিকশিত করার। ভালো-মন্দ বিচার করে সঠিক পথে এগিয়ে যেতে হবে। কারও প্ররোচনায় পড়ে কোনো ঝুঁকিপূর্ণ বা নেতিবাচক কাজে জড়ানো যাবে না। আত্মনিয়ন্ত্রণ বজায় রাখতে হবে এবং শিক্ষকদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে। র্যাগিং  বিশ্ববিদ্যালয়ের সুনাম ও মর্যাদা ক্ষুণ্ন করে যা এখানে করা যাবে না।

 

শিক্ষার্থীদের আশ্বস্ত করে তিনি আরও বলেন, যেকোনো সমস্যা বা প্রয়োজনে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবে। আমার ফোন নম্বর সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রয়োজন হলে দিন-রাত যেকোনো সময় আমাকে ফোন করতে পারবে।

 

বিভাগের সহযোগী অধ্যাপক সোবহানা তানজিমা আতিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজমেন্ট এন্ড বিজনেস এডমিনিস্ট্রেশন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ শাহিদুল হক। 

 

অনুষ্ঠানে বিভাগের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

শাবিপ্রবি, খায়রুল ইসলাম, নবীনবরণ অনুষ্ঠান, ব্যবসায় প্রশাসন বিভাগ, বিশ্ববিদ্যালয় উন্নয়ন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ