১৮ জুন ২০২৬

রাজনীতি / সরকার

সিলেটে প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীদের বিনিয়োগ শুধু দেশের অর্থনীতিকে সমৃদ্ধ নয়, বরং তরুণদের কর্মসংস্থান সৃষ্টি করছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৮ জুন, ২০২৬ ৭:৩৮ অপরাহ্ন


শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্সে অর্থায়নে দেশের বিপুল পরিমাণে বিনিয়োগ করছে। এই বিনিয়োগের ফলে নানামুখী প্রতিষ্ঠান গড়ে উঠছে, যা দেশের বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখছে। 


তিনি বলেন, প্রবাসীদের এই বিনিয়োগের সম্ভাবনাকে আরও সফলভাবে কাজে লাগাতে হবে তাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশমুখী হয়ে কাজ করতে হবে। প্রবাসীদের এবং প্রবাসীদের নেক্সট জেনারেশনকে দেশের প্রতি আকৃষ্ট করার জন্য সরকারের পক্ষ থেকে যে ধরনের লজিস্টিক সাপোর্ট দেওয়া দরকার তা করা হবে।


বৃহস্পতিবার (১৮ জুন) সকালে সিলেট নগরের খাসদবির পয়েন্টে ‘সিলেট হলি ডে হোম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মন্ত্রী বলেন, সিলেট নগরী একটি পর্যটন নগরী হিসেবে খ্যাত। সিলেট হলি ডে হোম পর্যটন ও আতিথেয়তার ক্ষেত্রে যে চমৎকার উদ্যোগ গ্রহণ করেছে, তা সত্যিই প্রশংসনীয়। আমি আশা করি, তাদের মানসম্মত সেবা ও কর্মকান্ড চমৎকার সুনাম কুড়াবে এবং মানুষের প্রশংসা লাভ করবে। 


এসময় মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেট হলিডে হোমের উদ্যোক্তা যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী শাহ মুনিমকে বাংলাদেশে এসে বিনিয়োগ করায় ধন্যবাদ জানান এবং হলিডে হোমের নিরাপত্তায় যাতে কোন ব্যাঘাত না ঘটে সেজন্য পুলিশসহ সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দিবেন। 


মন্ত্রী আরও বলেন, প্রবাসীদের বিনিয়োগ শুধু দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে না, বরং স্থানীয় পর্যায়ে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি করছে। প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগের পরিবেশ সহজ করতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।


অনুষ্ঠানে ‘সিলেট হলি ডে হোম’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও যুক্তরাজ্যপ্রবাসী ব্যবসায়ী শাহ মুনিম বলেন, সিলেট হচ্ছে একটি ঐতিহ্যবাহী পর্যটন নগরী। সিলেট নগরী সবুজের মাঝে ‘সিলেট হলি ডে হোম’ ভ্রমণের ঠিকানা। আমাদের মূল লক্ষ্য হলো সিলেটের এই অপার সম্ভাবনাকে বিশ্বদরবারে সঠিকভাবে তুলে ধরা, যাতে করে আমাদের পরবর্তী প্রজন্ম ও প্রবাসীরা বাংলাদেশে আসতে এবং বিনিয়োগ করতে আরও বেশি উৎসাহিত হবে। 


এ সময় সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন নূর, সিলেট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ফারুক আহমদ মিসবাহসহ বিভিন্ন সামাজিক, ব্যবসায়িক ও প্রবাসী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানের শেষে ফিতা কেটে ‘সিলেট হলি ডে হোম’-এর উদ্বোধন করেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

প্রবাসী বিনিয়োগ, কর্মসংস্থান, অর্থনীতি, পর্যটন, সিলেট হলিডে হোম, আরিফুল হক চৌধুরী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ