১৭ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার

গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ১৪ জনের কারাদণ্ড

প্রতিনিধি, গোয়াইনঘাট, সিলেট

প্রকাশঃ ৩ সেপ্টেম্বর, ২০২৫ ৩:৪৩ অপরাহ্ন

ছবিঃ সিলেট ভয়েস

সিলেটের গোয়াইনঘাটে ইজারা বহির্ভূত জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলন দায়ে ১৪ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন।

 

অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১৪ জন শ্রমিককে আটক করা হয়। পরে তাদের মধ্যে ১২ জনকে তিন মাস করে এবং ২ জনকে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

 

বুধবার (৩ সেপ্টেম্বর) তাদেরকে আদালতে পাঠিয়েছে গোয়াইনঘাট থানা পুলিশ। 

 

গোয়াইনঘাট উপজেলা প্রশাসন জানায়, মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত গোয়াইনঘাট উপজেলার হাজিপুর ও প্রতাপপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।  

 

অভিযান শেষে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, গোয়াইনঘাটের ইজারা বহির্ভূত বিভিন্ন জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার সংবাদ পেয়ে হাজিপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের খবর পেয়ে মূল হুতারা পালিয়ে গেলেও বালু উত্তোলন ও পরিবহনের সময় ১৪ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। 

 

তিনি আরও বলেন, ইজারা বহির্ভূত জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে এবং বালু উত্তোলনের সাথে জড়িত মূল হুতাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনআনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ