১৭ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / অভিযান

সাদা পাথর লুট : দুইদিনে উদ্ধার ১ লাখ ঘনফুট পাথর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৫ আগস্ট, ২০২৫ ৯:১৯ অপরাহ্ন


সিলেটের অন্যতম পর্যটনকেন্দ্র সাদা পাথর থেকে লুট হওয়া আরও ৪৫ হাজার ঘনফুট পাথর উদ্ধার করেছে প্রশাসন। শুক্রবার (১৫ আগস্ট) দিনভর কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব পাথর জব্দ করা হয়।

শুক্রবার রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করে। এতে জানানো হয়, গত দুই দিনে মোট প্রায় ১ লাখ ঘনফুট পাথর উদ্ধার হয়েছে। উদ্ধারকৃত পাথরের অর্ধেক ইতিমধ্যে সাদা পাথরে ফিরিয়ে দেওয়া হয়েছে, বাকিগুলো প্রতিস্থাপনের প্রক্রিয়ায় রয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (গোপনীয় শাখা, মিডিয়া সেল) মো. মাসুদ রানা বলেন, আজ শুক্রবার কোম্পানীগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ৪৫ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। বুধবার মধ্যরাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত মোট প্রায় ১ লাখ ঘনফুট পাথর জব্দ হয়েছে। উদ্ধারকৃত পাথর পর্যায়ক্রমে সাদা পাথরে ফিরিয়ে দেওয়া হচ্ছে।

এদিকে, পাথর ব্যবসায়ীরা অভিনব কৌশলে এসব লুট হওয়া পাথর লুকিয়ে রাখছেন বলে জানা গেছে। শুক্রবার খবর পেয়ে জেলা প্রশাসন কোম্পানীগঞ্জের কলাবাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় মাটিচাপা অবস্থায় বিপুল পরিমাণ পাথর উদ্ধার হয়। এর মধ্যে সাত ট্রাক পাথর ইতিমধ্যে সাদা পাথর এলাকায় ফিরিয়ে দেওয়া হয়েছে। আরও আনুমানিক পাঁচ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে, যা শনিবার ফেরত পাঠানো হবে।

কলাবাড়িতে অভিযান পরিচালনা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব শাখা, জেলা ব্র্যান্ডিং ও পর্যটন সেল) মাহমুদ আশিক কবির বলেন, কলাবাড়ি এলাকায় ক্রাশার মালিকরা মাটির নিচে পাথর মজুত করেছিলেন। সেখান থেকে সাত ট্রাক পাথর ফেরত দেওয়া হয়েছে। আরও প্রায় পাঁচ হাজার ঘনফুট পাথর উদ্ধার করে রাখা হয়েছে, যা শনিবার সাদা পাথরে ফেরত দেওয়া হবে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সিলেট,সাদা পাথর,পাথর উদ্ধার,কোম্পানীগঞ্জ , প্রশাসন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ