০২ মে ২০২৬

দৈনন্দিন / আন্দোলন-বিক্ষোভ

ঢাকায় ছাত্র বিক্ষোভে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস, ঢামেকে ভর্তি ৩৫ জন

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ২২ জুলাই, ২০২৫ ৬:৩৩ অপরাহ্ন

ছবিঃ প্রথম আলো সৌজন্যে।

শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবিতে রাজধানীর সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি লাঠিপেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ৩৫ জন, যাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


ঘটনাটি ঘটে আজ মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে। সচিবালয়ের এক নম্বর গেটের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ প্রথমে লাঠিচার্জ করে। পরে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিকেল সোয়া পাঁচটার দিকেও এলাকায় থেমে থেমে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা চলছিল।


বিকেল পৌনে চারটার দিকে উত্তেজনার একপর্যায়ে শিক্ষার্থীরা সচিবালয়ের প্রধান ফটক খুলে ভেতরে ঢুকে পড়ে। এ সময় সচিবালয়ের ভেতর পার্কিংয়ে থাকা বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। গাড়ি ভাঙচুরের পরপরই আইনশৃঙ্খলা বাহিনী শিক্ষার্থীদের ওপর চড়াও হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সচিবালয়ের ভেতর থেকে শিক্ষার্থীদের বের করে দেয়। এরপরই বাইরে শুরু হয় আরেক দফা ধাওয়া-পাল্টাধাওয়া।


এর আগে, বেলা আড়াইটার দিকে ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিছিল নিয়ে সচিবালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন। তারা ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে’, ‘ভুয়া ভুয়া’, ‘দায়হীন মন্ত্রণালয় চাই না’—এমন স্লোগানে মুখর করে তোলে এলাকা।


ঢাকা মেডিকেল সূত্রে জানা গেছে, বিকেল ৫টা নাগাদ অন্তত ৩৫ জন আহত শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসা নিতে আসে। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে জরুরি বিভাগ।


উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়েছে। এরই ধারাবাহিকতায় আজ ঢাকায় বড় ধরনের এই বিক্ষোভ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ