০২ মে ২০২৬

দৈনন্দিন / আন্দোলন-বিক্ষোভ

পরিবহন ধর্মঘট জুলাই চেতনাবিরোধী, সরে এলো মালিক সমিতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৭ জুলাই, ২০২৫ ১২:২১ অপরাহ্ন


পাথর উত্তোলনের অনুমতির দাবিতে ধর্মঘট এখন আর শুধু শ্রমিক-মালিক স্বার্থের দাবি নয়, বরং এটিকে জুলাই আন্দোলনের চেতনাবিরোধী ব্যক্তিস্বার্থে ব্যবহার করার হচ্ছে বলে মন্তব্য করেছেন সিলেট জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি ও জামায়াত নেতা মাওলানা লোকমান আহমদ।


রোববার রাতে দক্ষিণ সুরমা বাস টার্মিনালে এক জরুরি বৈঠক শেষে মঙ্গলবার থেকে আহুত পরিবহন ধর্মঘট রাজনৈতিক স্বার্থজড়িত ও দুরভিসন্ধিমূলক কর্মসূচি হিসেবে উল্লেখ করে ধর্মঘট থেকে সরে আসার ঘোষণা দেন তিনি।


সিলেটের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীকে ইঙ্গিত করে তিনি বলেন, “যারা শ্রমিকদের ব্যবহার করে পাথর কোয়ারির আন্দোলন করছেন, তারা পরিকল্পিতভাবে শ্রমিকদের প্রশাসনের মুখোমুখি দাঁড় করাচ্ছেন। এটি সুস্পষ্টভাবে একটি দুরভিসন্ধিমূলক অপচেষ্টা।”


তিনি দাবি করেন, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি দুদু এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন গত ২৭ জুন সিলেটের সাবেক মেয়রের বাসায় বৈঠক করেছেন যেখানে ফ্যাসিস্টদের দোসররাও ছিল। ‘এরা মিলে জুলাই আন্দোলনের চেতনাকে মুছে ফেলতে চায়,’ বলেন তিনি।


তিনি বলেন, ‘শাহজাহান খানের চেয়ারে বসে দুদু যদি সিলেটে এসে গোপন বৈঠক করে জুলাই চেতনা নস্যাৎ করার চেষ্টা করেন, তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না।’


পাথর উত্তোলনের অনুমতি ও জেলা প্রশাসকের অপসারণ সহ ৫দফা দাবিতে গত ২জুলাই সিলেট জেলা পরিবহন মালিক-শ্রমিক সমিতি শনিবার থেকে ৪৮ ঘন্টার পণ্য পরিবহন ধর্মঘট ও মঙ্গলবার থেকে অনির্দ্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, পরিবহন ধর্মঘট, পরিবহন মালিক সমিতি, জামায়াত, জুলাই আন্দোলনের চেতনা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ