২৮ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / মানববন্ধন

নির্যাতনের বিরুদ্ধে আইনের বাস্তবায়ন চায় ‘অধিকার’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৬ জুন, ২০২৫ ৪:১৫ অপরাহ্ন


সিলেটে নির্যাতনের শিকার ব্যক্তিদের প্রতি সংহতি প্রকাশ ও প্রতিরোধে কার্যকর আইন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে মানবাধিকার সংগঠন ‘অধিকার’। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে নগরীর কোর্ট পয়েন্টে আন্তর্জাতিক নির্যাতনবিরোধী সংহতি দিবস উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন অধিকার-এর মানবাধিকারকর্মী মুহাম্মদ আমিনুল হক, অর্ঘ কর ও তানভীর আহমেদ। কর্মসূচিতে জাতিসংঘ ঘোষিত নির্যাতনের শিকারদের প্রতি আন্তর্জাতিক সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরা হয় এবং একটি লিখিত বিবৃতি পাঠ করে শোনানো হয়।

বিবৃতিতে জানানো হয়, ১৯৮৮ সাল থেকে প্রতি বছর ২৬ জুন বিশ্বব্যাপী নির্যাতনের শিকারদের প্রতি সংহতি জানিয়ে এই দিনটি পালিত হয়ে আসছে। বাংলাদেশের প্রেক্ষাপটে নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের অধিকাংশই মুখ খুলতে ভয় পান, কারণ তাঁদের অনেকেই বারবার নির্যাতনের মুখোমুখি হন।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশে গণতন্ত্র ও আইনের শাসনের ঘাটতির কারণে আইন-শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বাহিনীর হেফাজতে বহু মানুষ নির্যাতনের শিকার হচ্ছেন। অধিকার-এর তথ্য অনুযায়ী, ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত নির্যাতনের কারণে ১৮২ জনের মৃত্যু হয়। এছাড়া ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের ২০ জুন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের সময়ে ১০ জন নির্যাতনে মারা গেছেন।

আয়োজকেরা অভিযোগ করেন, শেখ হাসিনার সরকারের সময়ে বিচারবহির্ভূত হত্যা, গুম এবং হেফাজতে নির্যাতনের ঘটনা ভয়াবহ রূপ নেয়। যদিও ২০১৩ সালে পাস হওয়া ‘নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন’-এর যথাযথ বাস্তবায়ন হয়নি, ফলে দায়মুক্তির সংস্কৃতি এখনো বিদ্যমান।

বক্তারা বলেন, রিমান্ডের নামে নির্যাতন একটি নিয়মিত চর্চা হয়ে উঠেছে, যা সংবিধান ও আন্তর্জাতিক মানবাধিকার সনদের পরিপন্থী। তারা উল্লেখ করেন, সংবিধানের ৩৫(৫) অনুচ্ছেদে নির্যাতন নিষিদ্ধ এবং জাতিসংঘের কনভেনশন অনুযায়ী যেকোনো পরিস্থিতিতেই নির্যাতন সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

এসময় অধিকার-এর পক্ষ থেকে অবিলম্বে নির্যাতনবিরোধী আইনের বাস্তবায়ন এবং আন্তর্জাতিক নির্যাতনবিরোধী কনভেনশনের পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। একইসঙ্গে ‘কনভেনশন এগেইনস্ট টর্চার’-এর অপশনাল প্রটোকলেও বাংলাদেশকে স্বাক্ষর করার দাবি জানানো হয়।

বক্তারা বলেন, মানবাধিকার রক্ষায় নির্যাতনের অবসান জরুরি, আর তা নিশ্চিত করতেই রাষ্ট্রকে আরও দায়িত্বশীল হতে হবে।



শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট মানবাধিকার কর্মসূচি, হেফাজতে নির্যাতন বাংলাদেশ নির্যাতন ও মৃত্যু প্রতিরোধ আইন, সিলেট কোর্ট পয়েন্ট, মানববন্ধন, অধিকার মানবাধিকার সংগঠন, রিমান্ডে নির্যাতন প্রতিবাদ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ