২৮ আগস্ট ২০২৬

দৈনন্দিন / নগরজীবন

নীরবে শিক্ষার খরচ বাড়ছে

কলম ৫ টাকা থেকে ৭ টাকায় উঠলো, খাতার দাম দ্বিগুণ হওয়ার পথে

বিশেষ প্রতিবেদক

প্রকাশঃ ২৮ আগস্ট, ২০২৬ ২:০৩ অপরাহ্ন


নিত্যপণ্যের বাজারে কেবল মাছ-মাংস কিংবা সবজির দাম যে বাড়ছে তা নয়, বছরের মাঝামাঝি সময়ে এসেও কলম-খাতা, পেনসিল ও জ্যামিতি বক্সসহ শিক্ষা উপকরণের দামও বাড়ছে। বিশেষ করে কলম ও খাতার দাম বেড়েই চলেছে। পাইকারি বাজারে ৫ টাকার কলম এখন ৭ টাকায় বিক্রি হচ্ছে। আর খুচরা বাজারে ১০ টাকায় বিক্রি করা হচ্ছে একটি কলম। তবে কোনো কোনো পণ্যের দাম আগের তুলনায় কিছুটা কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।


প্রতিবছর নতুন শিক্ষাবর্ষ সামনে রেখে খাতা-কলমসহ শিক্ষা উপকরণের দাম বাড়লেও বছরের মাঝামাঝি সময়ে এসব উপকরণের দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতা-অভিভাবকরা।


সিলেট নগরীর বন্দরবাজার এলাকার বিভিন্ন স্টেশনারি দোকান ঘুরে দেখা গেছে, শিক্ষার্থীদের প্রয়োজনীয় খাতা ও কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ মান ভেদে ভিন্ন দামে বিক্রি হচ্ছে। আবার দোকান ভেদেও দামে তারতম্য রয়েছে।


ব্যবসায়ীরা বলছেন, কাগজের দাম, পরিবহন ব্যয়, উৎপাদন খরচ এবং বাজারে চাহিদার ওপর খাতা-কলমের দাম নির্ভর করে। বিশেষ করে শিক্ষাবর্ষ শুরুর সময় চাহিদা বেড়ে যাওয়ায় কিছু পণ্যের দাম বাড়ে। তবে এবার বছরের মাঝামাঝি সময়ে এসেও কিছু কিছু পণ্যের দাম বেড়েছে।


পাইকারি বাজার ঘুরে দেখা গেছে, ম্যাটাডোর কলম ৫ টাকা থেকে বেড়ে ৭ টাকায় বিক্রি হচ্ছে। অফসেট ৬৫ গ্রাম ওজনের কাগজের প্যাকেট ৩৩০ টাকা, ৮০ গ্রামের কাগজ ৪০০ টাকা ও ১০০ গ্রামের কাগজ ৫৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। বছর খানেকের ব্যবধানে প্রতি প্যাকেট কাগজের দাম বেড়েছে ১০০ টাকা ১৫০ টাকা পর্যন্ত।


এছাড়াও সিলেটের পাইকারি বাজারে মানভেদে প্রতিটি ইরেজার ১০-১৫ টাকা, পেনসিল ১০-২০ টাকা, স্টেপলার পিন বক্স ১৭০-৪৫০ টাকা, স্টেপলার মেশিন ১৮০-২২০ টাকা, জ্যামিতি বক্স ৭৫-১৫০ টাকা, প্রতি রিম কাগজ ৩৭০-৫৪০ টাকা, কালার পেনসিল বক্স ১৩০-১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।



কুয়ারপাড় এলাকার খুচরা ব্যবসায়ী মাহমুদ খান জানান, আগে যে ধরনের খাতা ১৫ টাকা দরে বিক্রি হতো এখন ৩০-৩৫ টাকা দরে বিক্রি করতে হচ্ছে।


ব্যবসায়ীরা জানান, কাগজের দাম, পরিবহন খরচ ও উৎপাদন ব্যয় শিক্ষা উপকরণের মূল্য নির্ধারণ করে। শিক্ষাবর্ষের শুরুতে বাজারে চাহিদা বেড়ে যাওয়ায় কোনো কোনো পণ্যের দাম স্বাভাবিকভাবে বৃদ্ধি পায়।


লালদিঘীরপাড় এলাকার আল করিম প্লাজায় নাজির এন্টারপ্রাইজের মালিক সাকিব আহমদ বলেন, কলম ও অফসেট কাগজের দাম বেশি বেড়েছে। ৫ টাকার ম্যাটাডোর কলম এখন ৭ টাকায় বিক্রি করতে হচ্ছে। তবে সকল পণ্যের দাম বৃদ্ধি পায়নি। আগের তুলনায় কিছু খাতার দাম কমেছে।


নতুন শিক্ষাবর্ষের শুরুতেই খাতা-কলমের দাম বৃদ্ধির অভিজ্ঞতা রয়েছে অভিভাবকদের। এবার বছরের মাঝামাঝি সময়ে এই পরিস্থিতি তাদের আরও বেশি হতাশ করেছে।


রুহুল আমীন নামে এক অভিভাবক বলেন, একসঙ্গে অনেকগুলো খাতা, কলম, পেনসিল ও অন্যান্য জিনিস কিনতে হয়। কোনো একটি পণ্যের দাম বেশি না হলেও সব মিলিয়ে খরচটা অনেক হয়ে যায়।


বাগবাড়ি এলাকার বাসিন্দা জাকারিয়া হোসেন অভিযোগ করেন, ৫ টাকা দামে এখন আর দোকানে একটা কলমও পাওয়া যায় না। নীরবে শিক্ষাখাতের উপকরণের দাম বেড়েই চলেছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

কলম, খাতা, শিক্ষাপোকরণ, দাম বৃদ্ধি, কাগজের দাম, স্টেশনারি দোকান

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ