নেপালে ভূমিধস-বন্যায় ক্ষতিগ্রস্তদের যেসব সহায়তা দেবে বাংলাদেশ
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ২৭ আগস্ট, ২০২৬ ১০:২২ অপরাহ্ন
নেপালে ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মানবিক সহায়তা হিসেবে ত্রাণসামগ্রী পাঠানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নেপালে পাঠানো ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে তাঁবু, মশারি, শুকনা খাবারের প্যাকেট, টর্চ লাইট, বেলচা, স্লিপিং ব্যাগ, পানির পাত্র ও বডি ব্যাগসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী।
নেপালে সাম্প্রতিক ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি প্রয়োজন মেটাতে এসব ত্রাণসামগ্রী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিবরণীতে উল্লেখ করা হয়।
এর আগে বৃহস্পতিবার সকালে নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালের সঙ্গে টেলিফোনে কথা বলে ক্ষতি মোকাবিলায় প্রয়োজন অনুযায়ী সব ধরনের সহায়তার প্রস্তাব দেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
পরে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা তাদের সব ধরনের সহায়তার প্রস্তাব দিয়েছি।’
একই সঙ্গে দুর্যোগে কোনো বাংলাদেশি নাগরিক ক্ষতিগ্রস্ত হলে তাঁদের পাশে দাঁড়ানোর এবং প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার কথাও জানান মন্ত্রী।
নেপাল, বন্যা, পর্যটক, হিমালয়, জলবিদ্যুৎ প্রকল্প, ভূমিকম্প, সহায়তা, বাংলাদেশ