সিলেটে পৃথক অভিযানে ২ লাখ ৭১ হাজার টাকা জরিমানা
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৭ আগস্ট, ২০২৬ ১০:৫০ অপরাহ্ন
সিলেট নগরীতে পৃথক দুটি মোবাইল কোর্ট অভিযানে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণে অনিয়ম এবং ফার্মেসিতে ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা করা হয়েছে। অভিযানে মোট ২ লাখ ৭১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) নগরীর হুমায়ুন রশিদ চত্বর, শাহপরান গেটসংলগ্ন কাঁচাবাজার ও বাইপাস সড়কের সুরমা গেট এলাকায় এসব অভিযান চালানো হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজের নেতৃত্বে হুমায়ুন রশিদ চত্বর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ভাই ভাই ফুড প্রোডাক্টস ও নিউ শ্রমিক ড্রাইভার রেস্টুরেন্ট পরিদর্শন করা হয়। এ সময় খাদ্য প্রস্তুত ও সংরক্ষণে অপরিচ্ছন্ন পরিবেশ, অস্বাস্থ্যকর ও অননুমোদিত খাদ্য উপকরণ ব্যবহার এবং পণ্যে যথাযথ লেবেল না থাকাসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়।
এসব অনিয়মের দায়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় দুটি মামলা করা হয়। পরে ভাই ভাই ফুড প্রোডাক্টসকে ২ লাখ টাকা এবং নিউ শ্রমিক ড্রাইভার রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, একইদিন শাহপরান গেটসংলগ্ন কাঁচাবাজার ও বাইপাস সড়কের সুরমা গেট এলাকায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আহমেদ লুনার নেতৃত্বে বিভিন্ন ফার্মেসিতে পৃথক অভিযান চালানো হয়। এর মধ্যে দুটি ফার্মেসিতে ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এ ঘটনায় ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী দুটি মামলা করে মোট ২১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য ও ভোক্তা স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।