সিলেটে ২৪ ঘণ্টায় ২৯ জন গ্রেপ্তার, ১০১ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৭ আগস্ট, ২০২৬ ৮:৫৭ অপরাহ্ন
সিলেট নগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১০১টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, ২৬ আগস্ট রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ২৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি, চোরাচালানকারী এবং মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ অনুযায়ী গ্রেপ্তার হওয়া আসামি রয়েছেন।
অভিযানে ২০ লাখ ৩০ হাজার ৭৬০ টাকা মূল্যের ভারতীয় চকলেট, ৪২০ কেজি ভারতীয় আম, ৫২ কেজি ভারতীয় কিউই ফল এবং ১৮১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে একই সময়ে অভিযান চালিয়ে ১০১টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে ট্রাফিক বিভাগ। এর মধ্যে ৪৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ৫৪টি যানবাহন আটক করা হয়েছে।
এসএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর আদালতে সোপর্দ করা হবে। নিরাপদ সিলেট গড়তে অভিযান অব্যাহত থাকবে।
পুলিশের অভিযান, গ্রেপ্তার, যানবাহন আটক, চোরাচালান, বিদেশি মদ, আইনশৃঙ্খলা