সিলেটে লাশ উদ্ধারের ২৪ ঘণ্টা পরও পরিচয় মেলেনি
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৭ আগস্ট, ২০২৬ ৬:০৫ অপরাহ্ন
সিলেট নগরের উপকণ্ঠে সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত এক ব্যক্তির লাশের পরিচয় ২৪ ঘণ্টা পরও শনাক্ত করতে পারেনি পুলিশ। পরিচয় শনাক্তের জন্য আঙুলের ছাপ জাতীয় ডাটাবেজে পরীক্ষা করা হলেও কোনো জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য পাওয়া যায়নি। পুলিশের প্রাথমিক ধারণা, ওই ব্যক্তি ভবঘুরে ছিলেন।
বুধবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের চামেলিভাগ এলাকায় সিলেট-তামাবিল সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন সড়কের পাশে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে শাহপরাণ (রহ.) থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশটি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বৃহস্পতিবার জানান, লাশ উদ্ধারের সময় ওই ব্যক্তির শরীরে কোনো পোশাক ছিল না। পরে স্থানীয় এক ব্যক্তির দেওয়া লুঙ্গি পরিয়ে লাশটি মর্গে পাঠানো হয়।
নিহতের পরিচয় জানার চেষ্টা হিসেবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তার আঙুলের ছাপ সংগ্রহ করে। তবে জাতীয় ডাটাবেজে পরীক্ষা করে কোনো তথ্য পাওয়া যায়নি।
ওসি মো. মনির হোসেন বলেন, নিহত ব্যক্তির শরীরে সাম্প্রতিক কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তার পায়ে পুরোনো একটি গুরুতর ক্ষত ছিল, যা গ্যাংরিন বা ঘায়ে পরিণত হয়েছিল।
পুলিশের প্রাথমিক ধারণা, শারীরিক দুর্বলতার কারণে ওই ব্যক্তি সড়কের পাশের কোনো ঢালু স্থান থেকে পা পিছলে পড়ে গিয়ে মারা যেতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর আরও স্পষ্ট হবে।
নিহতের স্বজনদের খুঁজে বের করতে দেশের বিভিন্ন থানায় এবং গণমাধ্যমে তার তথ্য ও ছবি পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবারের মধ্যে কোনো স্বজন বা পরিচিত ব্যক্তির সন্ধান না পাওয়া গেলে শুক্রবার ময়নাতদন্ত শেষে নিয়ম অনুযায়ী লাশটি বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে।
লাশ, পরিচয়, সিলেট, শাহপরাণ থানা, সিআইডি, ময়নাতদন্ত