সিলেটে ব্যবসায়ী শাহাব উদ্দিন হত্যা, এক যুবক গ্রেপ্তার
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৫ আগস্ট, ২০২৬ ১০:১৫ অপরাহ্ন
সিলেটের শাহপরাণে ব্যবসায়ী শাহাব উদ্দিনকে (৬৫) কুপিয়ে হত্যার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত আনুমানিক ৯টার দিকে শাহপরাণ মাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম সিলেট ভয়েসকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া যুবকের নাম জালাল (৩৫)। তিনি শাহপরাণ এলাকায় একটি রেস্তোরাঁয় কাজ করতেন।
এর আগে রোববার দিবাগত রাতে নিজ বাসার কাছ থেকে গুরুতর আহত অবস্থায় শাহাব উদ্দিনকে উদ্ধার করেন স্বজনেরা। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পরিবার সূত্রে জানা গেছে, নিহত ওই ব্যবসায়ী বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকার বাসিন্দা। তিনি পরিবার নিয়ে শাহপরান এলাকায় নিজের বাসায় থাকতেন। চারখাই বাজারে তাঁর ভোগ্যপণ্যের ব্যবসা রয়েছে। তিনি দুই ছেলে ও দুই মেয়ের বাবা। তাঁর এক ছেলে ফ্রান্সে থাকেন।
নিহতের ছোট ছেলে রেদোয়ান আহমদ জানান, রাতে স্থানীয় একজনের কাছ থেকে তিনি জানতে পারেন, তাঁর বাবাকে কয়েকজন ব্যক্তি আটকে রেখেছেন। খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে বাবাকে রাস্তায় পড়ে থাকতে দেখেন। তার ঘাড়ে ধারালো অস্ত্রের তিনটি আঘাতের চিহ্ন ছিল। শরীরের বিভিন্ন অংশও রক্তাক্ত ছিল।
পরে স্বজনেরা শাহাব উদ্দিনকে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথে তার মৃত্যু হয়। এদিকে ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শনে যায় পুলিশ। পরে শাহাব উদ্দিনের মরদেহ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এরপর ময়নাতদন্ত শেষে গতকাল দুপুরে পুলিশ লাশ পরিবারের কাছে হস্তান্তর করে। পরে বাদ আসর জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হয়।
নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, শাহাব উদ্দিনের সঙ্গে কারও বিরোধ ছিল বলে তাদের জানা নেই। তার স্ত্রীও কারও সঙ্গে তার শত্রুতা বা বিরোধের কথা জানেন না।
অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম বলেন, ‘ব্যবসায়ী শাহাব উদ্দিন (৬৫) কুপিয়ে হত্যার ঘটনায় আজ রাত আনুমানিক ৯টার দিকে শাহপরাণ মাজার প্রাঙ্গন থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে সে পুলিশের হেফাজতে রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত বলা যাবে।’
ব্যবসায়ী হত্যা, শাহপরান, জালাল, গ্রেপ্তার, পুলিশ, হত্যা মামলা