সিলেটে বজ্রবৃষ্টির পূর্বাভাস, সতর্ক করল আবহাওয়া অফিস
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ২৫ আগস্ট, ২০২৬ ৮:৫৩ অপরাহ্ন
সিলেটে আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সময়ে বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
তাছাড়া কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে সাময়িকভাবে দমকা হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টি অথবা ভারী বৃষ্টিও হতে পারে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সিলেটের সিলেটের আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ্ মো. সজিব হোসাইনের পাঠানো এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, বৃষ্টির পাশাপাশি সিলেট অঞ্চলের বিভিন্ন স্থানে বজ্রপাত ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে বাইরে চলাচল ও খোলা জায়গায় অবস্থানের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়া কার্যালয় জানায়, আগামী ২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
সকাল ৯টায় সিলেটে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮০ শতাংশ। সন্ধ্যা ৬টায় তা বেড়ে দাঁড়ায় ৯৫ শতাংশে।
সিলেটে গত ২৪ ঘণ্টায় আজ সকাল ৬টা পর্যন্ত ১৬ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ১৭ দশমিক ৬ মিলিমিটার।
সহকারী আবহাওয়াবিদ শাহ্ মো. সজিব হোসাইন জানান, আগামী ২৪ ঘণ্টায় বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রবৃষ্টির সম্ভাবনাও আছে। এ অবস্থায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
এদিকে আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ৩০ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে।
বজ্রবৃষ্টি, আবহাওয়ার পূর্বাভাস, বৃষ্টিপাত, তাপমাত্রা, আর্দ্রতা, সিলেট আবহাওয়া অফিস