২৫ আগস্ট ২০২৬

অনিয়ম-দুর্নীতি

সিলেটকে দুর্নীতি-সন্ত্রাসমুক্ত পরিকল্পিত নগর দেখতে চাই: প্রতিমন্ত্রী মনজুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৫ আগস্ট, ২০২৬ ৬:৫৬ অপরাহ্ন


সিলেটকে বাংলাদেশের মধ্যে একটি উন্নত ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। তিনি বলেন, এই শহরে কোনো ধরনের সন্ত্রাস, দুর্নীতি বা চাঁদাবাজির স্থান থাকতে পারবে না। মঙ্গলবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) কার্যক্রম ও অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ আহ্বান জানান।


প্রতিমন্ত্রী বলেন, আমরা এই সিলেট শহরকেও দেখতে চাই বাংলাদেশের মধ্যে উন্নত একটি পরিকল্পিত নগর, যেখানে সকল প্রকার খারাপ জিনিস এই শহরে থাকবে না। দলের ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের প্রত্যয় তুলে ধরে তিনি বলেন, তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশে কোনো সন্ত্রাস, দুর্নীতি বা চাঁদাবাজি থাকবে না এই লক্ষ্য বাস্তবায়নে সিলেট শহরকেও এগিয়ে নিতে হবে।


প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রেক্ষাপট তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, সরকার ক্ষমতায় আসার পরপরই যেসব শহরে সিটি করপোরেশন রয়েছে, সেসব এলাকায় পৃথক উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের নির্দেশনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই নির্দেশনার ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নিয়ে ইতিমধ্যে প্রায় সব উন্নয়ন কর্তৃপক্ষে চেয়ারম্যান নিয়োগ সম্পন্ন করা হয়েছে এবং কার্যক্রম শুরুর প্রক্রিয়াও চলছে বলে তিনি জানান।


সিলেটের মতো একটি পর্যটন-নির্ভর শহরে কেন উন্নয়ন কর্তৃপক্ষের প্রয়োজন ছিল, তা ব্যাখ্যা করে প্রতিমন্ত্রী বলেন, পরিকল্পনাহীনভাবে কোনো কাজ পরিচালিত হলে তা কোনো শহরের জন্যই ভালো নয় বিশেষত সিলেটের মতো সুন্দর একটি পর্যটন শহরের জন্য একটি সুনির্দিষ্ট নীতিমালা ও কর্তৃপক্ষ থাকা অপরিহার্য ছিল।


উন্নয়ন কর্তৃপক্ষের কাছে প্রত্যাশা ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, নাগরিকেরা যেন প্রকৃত অর্থে সময়মতো সেবা পান এবং কোনোভাবেই হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। সিলেট শহরকে একটি পরিকল্পিত, মানবিক ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার পাশাপাশি টেকসই উন্নয়নের ওপর জোর দিয়ে তিনি বলেন, এই শহরের নতুন প্রজন্ম যেন ভবিষ্যতে সুন্দরভাবে বসবাস করতে পারে, সেভাবেই কার্যক্রম পরিচালনা করতে হবে কর্তৃপক্ষকে।


তিনি আরও জানান, সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী জেলা প্রশাসকসহ প্রশাসনের সব পর্যায়ে দিকনির্দেশনা দিয়েছেন, যার একটি গুরুত্বপূর্ণ দিক ছিল দেশের শহরগুলোকে ধাপে ধাপে ক্লিন, গ্রিন ও স্মার্ট সিটিতে রূপান্তর করা।


সুধী সমাবেশে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবদুল মালেক, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক মোহাম্মদ বদরুজ্জামান সেলিম এবং সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম ।


অনুষ্ঠানে সিউকের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি এবং রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

অনিয়ম-দুর্নীতি থেকে আরো পড়ুন

প্রতিমন্ত্রী মনজুর, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ, উন্নত নগরী, পরিকল্পিত নগর, পর্যটন শহর, নাগরিক সেবা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ