০৯ আগস্ট ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / প্রযুক্তি

সাংবাদিকদের প্রযুক্তির জ্ঞানে সমৃদ্ধ হতে হবে: অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল

প্রকাশঃ ৮ আগস্ট, ২০২৬ ৭:৫১ অপরাহ্ন


সিলেট অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে ও দি আইটি এইডের সহযোগিতায় ক্লাবের সদস্যদের জন্য ‘সাংবাদিকদের জন্য এআই সেমিনার’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগস্ট) বিকেলে সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।


সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, ‘বিগত ত্রিশ বছরে, এমনকি সর্বশেষ দশ বছরে বিশ্বব্যাপী অনেক পরিবর্তন ঘটেছে। বিজ্ঞানের অভাবনীয় উন্নতির ফলে সংবাদমাধ্যমে প্রযুক্তির ব্যবহার বেড়েছে। গণমাধ্যমে এখন কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। এখন যেকোনো তথ্য, স্থিরচিত্র ও ভিডিওচিত্র এআই দিয়েই যাচাই করা যায়।’


তিনি আরও বলেন, ‘গণমাধ্যম সমাজের আয়না। যুগের প্রয়োজনে টেলিগ্রাফের মতো প্রতিষ্ঠানের প্রিন্ট মিডিয়ায় সার্কুলেশন কমেছে, তারা এখন অনলাইন ভার্সনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। মানুষ এখন অনলাইন গণমাধ্যমের ব্যাপ্তি, পরিধি ও গ্রহণযোগ্যতার সুফল পাচ্ছে। এ জন্য যুগোপযোগী প্রযুক্তির জ্ঞানে সাংবাদিকদের সমৃদ্ধ হতে হবে।’


সেমিনারে সভাপতিত্ব করেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল। সেমিনার সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার। এতে শুভেচ্ছা বক্তব্য দেন দি আইটি এইডের এডমিন অফিসার আশরাফুল ইসলাম গুলজার।


সভাপতির বক্তব্যে মোহাম্মদ গোলজার আহমদ হেলাল বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের যুগে সাংবাদিকদের নতুন প্রযুক্তির ব্যবহারের সঙ্গে অভ্যস্ত হতে হবে। প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে কাজের পরিধি যেমন সহজ হচ্ছে, তেমনি দায়িত্বশীলতাও বেড়েছে। অনলাইন গণমাধ্যমের সংবাদ সহজেই ছড়িয়ে পড়ে, তাই আমাদের সবাইকে আরও বেশি দায়িত্বশীলতার সঙ্গে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।


সেমিনারে ‘প্রযুক্তির শক্তিতে দক্ষ সাংবাদিকতা, নির্ভুল তথ্য ও বিশ্বাসযোগ্য সংবাদ’ প্রতিপাদ্যের আলোকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল স্কিল ও ফ্যাক্ট চেকিং নিয়ে আলোচনা করেন দি আইটি এইডের ফ্যাকাল্টি মেম্বার আহসান আহমেদ বখতিয়ার ও ইফাজ উদ্দিন। সেমিনারে সিলেট অনলাইন প্রেসক্লাবের পঁচিশজন সদস্য অংশ নেন।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

সাংবাদিক, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই সেমিনার, সিলেট অনলাইন প্রেসক্লাব, তথ্যপ্রযুক্তি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ