০৯ আগস্ট ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

সমাবেশে তাঁর ছোট ভাই মাসুক

‘এমপি নাছির চৌধুরীকে দুর্নীতিবাজ, সিন্ডিকেট ও আওয়ামী ফ্যাসিস্টরা ঘিরে রেখেছে’

প্রতিনিধি, দিরাই, সুনামগঞ্জ

প্রকাশঃ ৮ আগস্ট, ২০২৬ ৬:৩১ অপরাহ্ন


সুনামগঞ্জ-২ (দিরাই–শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীকে দুর্নীতিবাজ সিন্ডিকেট ও আওয়ামী ফ্যাসিস্টরা ঘিরে রেখেছে বলে মন্তব্য করেছেন তার ছোট ভাই ও দিরাই উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক।


শনিবার (৮ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সুনামগঞ্জের দিরাইয়ে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত গণসমাবেশে সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মাসুক চৌধুরী বলেন, ‘অসুস্থ এমপি সাবকে (সাংসদ নাছির চৌধুরীকে) দুর্নীতিবাজ সিন্ডিকেট ও আওয়ামী ফ্যাসিস্টরা ঘিরে রেখেছে। নাছির চৌধুরীর ৪০ বছরের অর্জনকে তারা ধুলিস্যাৎ করতে চায়, আমরা তা মানতে পারি না।’


তিনি বলেন, ‘আমরা কেউ এমপি সাবের বিরুদ্ধে নয়, আমরা এমপি সাবকে দুর্নীতিবাজদের সিন্ডিকেট থেকে মুক্ত করে জনতার নেতা, তৃণমূলের নেতা নাছির চৌধুরীকে জনতার কাছে মুক্ত করে নিয়ে আসতে চাই।’


দিরাই পৌরসভার বাগানবাড়ি কমিউনিটি সেন্টারে মঈন উদ্দিন চৌধুরী মাসুক, প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল ও আলী আকবর চৌধুরীর সমর্থিত বিএনপির নেতা-কর্মী ও সমর্থকেরা এ সমাবেশের আয়োজন করেন।


পৌর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট ইকবাল হোসেন চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম, পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিজান, যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান রতি রঞ্জন দাস, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য অশোক রায়, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম চৌধুরী, সদস্য শোয়েব হাসান, অ্যাডভোকেট ওবায়দুর চৌধুরী মিশু, সুমন মিয়া, জাকারিয়া আহমেদ, সাবেক ছাত্রনেতা আবুল হাসনাত রিপন, পৌর যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন মিলাদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল তালুকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু হাসান চৌধুরী সাজু, সদস্যসচিব তানভীর চৌধুরী, জুলাই যোদ্ধা মাহমুদুল হাসান সাগর ও উপজেলা জাসাসের আহ্বায়ক সৈদুর রহমান তালুকদারসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।


এদিকে সাংসদ নাছির চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক আমীর হোসেন ও যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদারের নেতৃত্বে কিছু নেতা-কর্মী থানা পয়েন্টে জড়ো হন। পরে তারা সমাবেশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করলে এক পর্যায়ে উত্তেজনা দেখা দেয়।


পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। একই সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারির প্রস্তুতি নেওয়া হয়। তবে পরে মাসুকপন্থী নেতা-কর্মীদের উপস্থিতি ও জনরোষের মুখে সাংসদপন্থী নেতা-কর্মীরা সেখান থেকে সরে যান।


পরে ১৪৪ ধারা জারির প্রস্তুতি নেওয়া হলেও শেষ পর্যন্ত তা কার্যকর করা হয়নি।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

নাছির চৌধুরী, মঈন উদ্দিন চৌধুরী মাসুক, দিরাই-শাল্লা, গণসমাবেশ, বিএনপি, আওয়ামী ফ্যাসিস্ট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ