০৭ আগস্ট ২০২৬

দৈনন্দিন / দুর্ঘটনা

বিশ্বনাথে অনুষ্ঠান শেষে বাড়ি ফেরা হলো না বাউল শিল্পী পেহেলী ভৈরবীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৭ আগস্ট, ২০২৬ ৩:৫২ অপরাহ্ন

ছবিঃ পেহেলী ভৈরবী

মাত্র সতেরো বছর বয়সেই বাউল গানের আসরে আসর মাতাতেন পেহেলী ভৈরবী। মাজারে মাজারে, উরসের অনুষ্ঠানে গান গেয়ে বেড়ানো এই তরুণ শিল্পীর জীবনের শেষ রাতটিও কেটেছিল ঠিক তেমনই এক আসরে গান শুনিয়ে মানুষকে আনন্দ দেওয়ার মধ্য দিয়ে। কিন্তু সেই আসর থেকে ফেরার পথটুকুই তাঁর কাছে হয়ে ওঠে জীবনের শেষ যাত্রা।


বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা এলাকার বৈরাগী বাজারে হযরত ছাবাল শাহ্‌ (রহ.)-এর মাজারের অনুষ্ঠানে গান পরিবেশন করে শুক্রবার সকালে বাড়ি ফেরার পথেই ওসমানীনগরে মর্মান্তিক বাস দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।


দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগে, বৃহস্পতিবার (৬ আগস্ট) নিজের ফেসবুকে সর্বশেষ স্ট্যাটাসে পেহেলী ভৈরবী লিখেছিলেন, “আসসালামু ওয়ালাইকুম...! সবাই কেমন আছেন আজকে ০৬/০৮/২০২৬ ইং পোগ্রাম এ যাবো বিশ্বনাথ নদার রামপাশা, বৈরাগি বাজার। হযরত ছাবাল শাহ্ মাজারে। আশে পাশে যারা আছেন আজকে দাওয়াত রইলো, ধন্যবাদ।” এই আমন্ত্রণই হয়ে রইল তাঁর শেষ পোস্ট। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে সিলেট-ঢাকা মহাসড়কে ইউনিক পরিবহন ও বেঙ্গল স্লিপার কোচের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হন তিনি, পরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


পুলিশি তথ্য অনুযায়ী, কিশোরগঞ্জের ভৈরব থানার চন্ডিবের এলাকার বাবুল মিয়ার মেয়ে পেহেলী ভৈরবী ছিলেন এই দুর্ঘটনায় নিহত অন্তত ৯ জনের একজন। 


সংবাদটি ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নামে বাউল ও লোকসংগীত অঙ্গনে। শিল্পী মুন ফেসবুকে লেখেন, জীবন সত্যিই কতটা অনিশ্চিত। বাউলশিল্পী পেহেলী ভৈরবী আর আমাদের মাঝে নেই এই সংবাদটি মেনে নেওয়া সত্যিই অত্যন্ত কষ্টকর। গত রাতে সিলেটের বৈরাগী বাজারে, হযরত ছাবাল শাহ্ বাবার মাজারের অনুষ্ঠানে গান পরিবেশন করে আজ সকালে বাড়ি ফেরার পথেই এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। আমরা শিল্পীরা প্রতিনিয়ত গান ও অনুষ্ঠানের জন্য দূর-দূরান্তে ছুটে বেড়াই। রাত-দিন, ক্লান্তি কিংবা ঝুঁকি সবকিছু ভুলে মানুষের ভালোবাসার জন্য গান করে যাই। অথচ জীবনের কোন পথচলাটি যে শেষ পথচলা হয়ে যাবে, তা আমরা কেউই জানি না। পরম করুণাময় সৃষ্টিকর্তা পেহেলী ভৈরবীর আত্মার শান্তি দান করুন। তাঁর শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি রইল গভীর সমবেদনা।


শিল্পী এসকে সুমন লেখেন, হঠাৎ ঘুম থেকে উঠে চমকে গেলাম পেহেলী ভৈরবী দুনিয়াতে আর নাই, না ফেরার দেশে চলে গেলেন। আপনারা সবাই ওর জন্য আশীর্বাদ করবেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

বাউল শিল্পী, পেহেলী ভৈরবী, সড়ক দুর্ঘটনা, বিশ্বনাথ, ওসমানীনগর, মাজারের অনুষ্ঠান

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ