শাবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের নতুন বিভাগীয় প্রধান অধ্যাপক আবদুল্লাহ আল মামুন
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ৫ আগস্ট, ২০২৬ ৯:৫৬ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. আবদুল্লাহ আল মামুন। আগামী তিন বছরের জন্য তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে অতিরিক্ত রেজিস্ট্রারের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, জিইবি বিভাগের বর্তমান বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. কামরুল ইসলামের মেয়াদ আগামী ১৬ আগস্ট শেষ হবে। এ পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির ৪(২) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. আবদুল্লাহ আল মামুনকে ১৭ আগস্ট ২০২৬ থেকে পরবর্তী তিন বছরের জন্য বিভাগীয় প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আদেশে আরও বলা হয়, বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নতুন দায়িত্বে অধ্যাপক আবদুল্লাহ আল মামুন বিভাগের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি শিক্ষা ও গবেষণা কার্যক্রমেও নেতৃত্ব দেবেন।
অফিস আদেশের অনুলিপি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, ইনস্টিটিউটের পরিচালক ও সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
শাবিপ্রবি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, অধ্যাপক, আবদুল্লাহ আল মামুন, নতুন বিভাগীয় প্রধান