২৪ জুলাই ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / ক্যাম্পাস

সিকৃবিতে উপকূলীয় ও সামুদ্রিক বাস্তুতন্ত্র নিয়ে পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত

প্রকাশঃ ২৪ জুলাই, ২০২৬ ২:১৮ অপরাহ্ন


সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) মৎস্যবিজ্ঞান অনুষদের ইকোসিস্টেম থিংকিং অ্যান্ড রিসোর্স ডাইনামিকস (ইটিআরডি) ল্যাবের উদ্যোগে ‘উপকূলীয় ও সামুদ্রিক বাস্তুতন্ত্রে প্রাকৃতিক মূলধনের মূল্যায়ন’ শীর্ষক একটি পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টায় মৎস্যবিজ্ঞান অনুষদের দ্বিতীয় ও তৃতীয় তলায় আয়োজিত এই কার্যক্রমের উদ্বোধন করেন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, যিনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মৎস্যবিজ্ঞান অনুষদের কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ (সিএমএফ) কোর্সের আওতায় প্রথমবর্ষের ৯৬ জন শিক্ষার্থী এই আয়োজনে অংশ নেন। তারা বিভিন্ন গবেষণা প্রস্তাবনার ওপর ভিত্তি করে মোট ১৯টি পোস্টার উপস্থাপন করেন। দুটি ক্যাটাগরিতে বিভক্ত এসব পোস্টার উপস্থাপনের পর একটি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যার শেষে সেরা ছয়টি দলকে পুরস্কৃত করা হয়।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তফা শামসুজ্জামান, সহকারী অধ্যাপক অনুরাধা তালুকদার এবং সহকারী অধ্যাপক মাফিয়া আক্তার।

অনুষ্ঠানে ডিন অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম বলেন, পোস্টার প্রেজেন্টেশন বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ হলেও এ ধরনের আয়োজন নিয়মিতভাবে হয় না। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ততা বাড়ানোর আশা প্রকাশ করেন তিনি।

প্রধান বিচারক অধ্যাপক ড. মো. মোস্তফা শামসুজ্জামান বলেন, প্রথম বর্ষ থেকেই শিক্ষার্থীদের গবেষণাভিত্তিক শিক্ষা কার্যক্রমে যুক্ত করার এই উদ্যোগ সময়োপযোগী। এটি গবেষণার মৌলিক ধারণা ও দক্ষতা অর্জনে শিক্ষার্থীদের সহায়ক হবে বলে মন্তব্য করেন তিনি।

ইটিআরডি ল্যাবের পরিচালক অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন জানান, এই আয়োজনের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের গবেষণা দক্ষতা, যোগাযোগ সক্ষমতা, নেতৃত্বগুণ ও দলগতভাবে কাজ করার সামর্থ্য বিকাশে উৎসাহিত করা। পাশাপাশি একটি গবেষণার মৌলিক কাঠামো সম্পর্কে বাস্তব ধারণা অর্জনেরও সুযোগ পেয়েছেন শিক্ষার্থীরা।

কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. পার্থ প্রতীম বর্মনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের শিক্ষক, গবেষক ও শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

সিলেট, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিকৃবি,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ