২৪ জুলাই ২০২৬

রাজনীতি / সরকার

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ‘কিছুই জানি না’, বিকেলে সংবাদ সম্মেলন ডাকলেন স্পিকার

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ২৪ জুলাই, ২০২৬ ৪:৩৯ অপরাহ্ন

ছবিঃ স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে দিনভর গুঞ্জনের মধ্যেই জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানিয়েছেন, এ বিষয়ে তার কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে বিষয়টি নিয়ে স্পষ্টতা দিতে শুক্রবার বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনে সংবাদ সম্মেলন ডেকেছেন তিনি।

ব্যক্তিগত চিকিৎসার জন্য গত ১৯ জুলাই থাইল্যান্ডে যান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার (২৪ জুলাই) দুপুর ১২টা ১০ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দরে নামার পরপরই সাংবাদিকরা তাকে ঘিরে ধরে রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি বলেন, দেশের বাইরে থাকায় এ বিষয়ে তার কাছে কোনো নির্দিষ্ট তথ্য পৌঁছায়নি। আপনারা যে রকম শুনেছেন, আমিও সেরকমই শুনেছি। কে পদত্যাগ করলো, কী করলো, আমার কিছুই জানা নেই। 

তিনি আরও বলেন, বিষয়টি এখনো পুরোপুরি অনুমাননির্ভর, দেশে ফিরে হয়তো প্রকৃত অবস্থা জানতে পারবেন।

নির্ধারিত সময়ের আগেই দেশে ফেরার বিষয়ে জল্পনা থাকলেও স্পিকার নিজে এ নিয়ে সরাসরি কিছু বলেননি। বিমানবন্দর থেকে ফেরার অল্প সময়ের মধ্যেই জাতীয় সংসদ সচিবালয়ের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের ঘোষণা আসে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্পিকার সংবিধানের সংশ্লিষ্ট বিধান তুলে ধরে ব্যাখ্যা দেন। তিনি জানান, রাষ্ট্রপতি পদত্যাগে ইচ্ছুক হলে তাকে স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা দিতে হবে। এরপর সংবিধান অনুযায়ী আগামী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদকে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করতে হবে।

রাষ্ট্রপতির পদ শূন্য হলে তার দায়িত্ব সাময়িকভাবে স্পিকারের ওপর বর্তায় কি না এমন প্রশ্নে তিনি বলেন, এটি সাংবিধানিক রীতি অনুযায়ীই হয়ে থাকে। রাষ্ট্রপতি পদত্যাগ করলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন, তবে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করে জাতীয় সংসদই।

সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি স্পিকারের উদ্দেশে লিখিত ও স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারেন। আর ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা তিনি দায়িত্ব পালনে অপারগ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকারই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের পর সংসদ ভবনের শপথ কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে ইঙ্গিত মিলছে, বিকেল ৫টার সংবাদ সম্মেলনেই রাষ্ট্রপতির পদত্যাগ-প্রশ্নে আনুষ্ঠানিক অবস্থান জানাতে পারেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

গত কয়েক দিন ধরে বিভিন্ন মহলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে আলোচনা চললেও এ বিষয়ে সরকারি বা সাংবিধানিক পর্যায় থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

রাষ্ট্রপতি, স্পিকার, মো. সাহাবুদ্দিন, হাফিজ উদ্দিন আহমদ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ