২৪ জুলাই ২০২৬

রাজনীতি / সরকার

পর্যায়ক্রমে স্বাস্থ্য-শিক্ষায় জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৪ জুলাই, ২০২৬ ৬:৫৮ অপরাহ্ন


স্বাস্থ্য ও শিক্ষা খাতে ধাপে ধাপে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, সরকারের অগ্রাধিকার তালিকায় শীর্ষে রয়েছে স্বাস্থ্য খাত এবং আগামী দিনগুলোতে ক্রমান্বয়ে এই দুই খাতে বরাদ্দ বাড়ানো হবে।

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে সিলেট সদরের লাক্কাতুরাস্থ সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চা-শ্রমিকদের জন্য আয়োজিত দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, পরিবার পরিকল্পনা, মা ও শিশু সেবা এবং চক্ষু ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে মন্ত্রী বর্তমান সরকারের বিগত পাঁচ মাসের কার্যক্রমের একটি চিত্র তুলে ধরেন। তিনি জানান, সিলেটে স্বাস্থ্যসেবা সম্প্রসারণের লক্ষ্যে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ২৫০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল চালুর অনুমোদন, যা বর্তমানে বাস্তবায়ন প্রক্রিয়ায় রয়েছে। এ ছাড়া চা-বাগান এলাকাগুলোতেও শিগগিরই স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা হবে বলে জানান তিনি, যাতে সাধারণ চিকিৎসাসেবার জন্য বাগান-অধিবাসীদের আর শহরমুখী হতে না হয়।

চা-বাগান এলাকার মানুষের স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে মন্ত্রী বলেন, এ ধরনের মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চা-শ্রমিকরা নিজ এলাকায় বসেই বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাচ্ছেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম চালু থাকবে। তিনি বলেন, শহরে না গিয়ে বাগানেই যাতে চা-শ্রমিকরা চিকিৎসাসেবা পান, সে লক্ষ্যে শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে গুরুত্ব দিচ্ছে সরকার।

দিনব্যাপী এই ক্যাম্পে প্রায় ১০০ জন চা-শ্রমিক চিকিৎসাসেবা গ্রহণ করেন। তারা বিনামূল্যে সাধারণ স্বাস্থ্যসেবা, চক্ষু চিকিৎসা ও পরিবার পরিকল্পনাবিষয়ক পরামর্শ পান।

সিলেটের জেলা প্রশাসক আব্দুল আল মামুনের সভাপতিত্বে ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াতের সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি ডা. জিয়াউর রহমান চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান এবং টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

সিলেট, বাণিজ্যমন্ত্রী, খন্দকার মুক্তাদির, সদর উপজেলা, চা শ্রমিক

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ