২৪ জুলাই ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

সংকটকালে রাষ্ট্রপতির ব্যর্থতার সমালোচনা করে যোগ্য ব্যক্তি নিয়োগের দাবি জামায়াতের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৪ জুলাই, ২০২৬ ৪:৫৪ অপরাহ্ন


জাতীয় সংকটকালে দায়িত্ব পালনকারী রাষ্ট্রপতিদের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করে ভবিষ্যতে এই পদে সর্বজনশ্রদ্ধেয়, গ্রহণযোগ্য ও দায়িত্বশীল ব্যক্তি নিয়োগের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া সেলের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এই দাবি জানান।

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ উপলক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, রাষ্ট্রের সংকটময় সময়ে দায়িত্ব পালনকারী কয়েকজন রাষ্ট্রপতি তাদের শপথ ও সাংবিধানিক দায়িত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ভূমিকা রাখতে পারেননি। এমনকি জাতীয় দুর্যোগ ও গণহত্যার মতো ঘটনাতেও প্রত্যাশিত দায়িত্বশীলতা দেখা যায়নি।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির পদ বাংলাদেশের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ পদগুলোর একটি হলেও বর্তমান ব্যবস্থায় এর কার্যকর ভূমিকা সীমিত।

জামায়াতের এই নেতা বলেন, রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ পদে এমন একজন ব্যক্তিকে নিয়োগ দেওয়া উচিত, যিনি সর্বজনশ্রদ্ধেয়, গ্রহণযোগ্য ও দায়িত্বশীল। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দল এসব বিষয় বিবেচনায় নিয়েই যোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করবে।

রাজশাহী থেকে শুরু হওয়া ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ কর্মসূচির সমাপনী আয়োজন হতে যাচ্ছে সিলেটে। আগামীকাল শনিবার দুপুর ২টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ ছাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ ১১ দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন বলে জানান এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি আরও জানান, গণভোট বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের দাবিতে সমাবেশ থেকে নতুন রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করা হতে পারে।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

সিলেট, জামায়াতে ইসলামী, রাষ্ট্রপতি, রাজনীতি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ