এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও সিইসিকে চিঠি দিল জামায়াত
রাজনীতি
প্রকাশঃ ২৩ জুলাই, ২০২৬ ৬:২৩ অপরাহ্ন
নৈতিক স্খলনের অভিযোগে দল থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জাতীয় সংসদের স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (২৩ জুলাই) জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত একটি চিঠি জাতীয় সংসদের স্পিকারের দপ্তর ও নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে পরিচালিত সাংগঠনিক তদন্তে গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হয়েছে। এর ভিত্তিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, গত বুধবার জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
চিঠিতে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের বিষয়টি স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারের অবগতির জন্য জানানো হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়।
গাজী নজরুল ইসলাম, জামায়াতে ইসলামী, স্পিকার, নির্বাচন কমিশন, মিয়া গোলাম পরওয়ার