সিলেটে হতে পারে ভারী বর্ষণ, বজ্রপাতের শঙ্কা
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ২৩ জুলাই, ২০২৬ ৮:২২ অপরাহ্ন
সিলেটে আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সময়ে বিভাগের অনেক স্থানে মাঝারি ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময় দমকা হাওয়া ও বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ্ মো. সজীব হোসাইনের পাঠানো ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
সকাল ৯টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। সন্ধ্যা ৬টায় তা বেড়ে ৯৬ শতাংশে পৌঁছায়।
গত ২৪ ঘণ্টায় (২২ জুলাই সকাল ৬টা থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত) সিলেটে ১৮ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আরও ১৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
সহকারী আবহাওয়াবিদ শাহ্ মো. সজীব হোসাইন জানান, আগামী ২৪ ঘণ্টায় সিলেটে মাঝারি ধরনের বৃষ্টির পাশাপাশি অনেক স্থানে ভারী বর্ষণ হতে পারে। একই সঙ্গে দমকা হাওয়া ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।
আগামীকাল শুক্রবার (২৪ জুলাই) সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ১৬ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে।
সিলেট, আবহাওয়া, ভারী বর্ষণ, বজ্রপাত, বৃষ্টির পূর্বাভাস