সিসিকের সঙ্গে স্বাস্থ্যসেবায় কাজ করবে সেলফ্লেস ইউকের চিকিৎসক দল
যাপিতজীবন
প্রকাশঃ ২৩ জুলাই, ২০২৬ ৭:১৫ অপরাহ্ন
সিলেট নগরবাসীর স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাজ্যভিত্তিক মানবিক সংগঠন সেলফ্লেস ইউকে-এর চিকিৎসকরা।
বৃহস্পতিবার বিকেলে নগর ভবনে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সংগঠনটির ১০ সদস্যের চিকিৎসক প্রতিনিধি দল এ আগ্রহের কথা জানান।
সাক্ষাৎকালে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী চিকিৎসক প্রতিনিধিদের স্বাগত জানিয়ে বলেন, সিলেটের মানুষের চিকিৎসাসেবার মানোন্নয়নে দেশ-বিদেশের চিকিৎসক ও মানবিক সংগঠনগুলোর অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেলফ্লেস ইউকে যে আন্তরিকতার সঙ্গে সিলেটের মানুষের পাশে দাঁড়াতে চায়, তা নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ।
তিনি বলেন, সিটি কর্পোরেশন নাগরিকদের জন্য মানসম্মত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে। আন্তর্জাতিক মানবিক সংগঠনগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে চিকিৎসাসেবার পরিধি আরও বাড়ানো সম্ভব হবে। ভবিষ্যতে যৌথভাবে স্বাস্থ্য ক্যাম্প, জনসচেতনতামূলক কর্মসূচি এবং বিশেষায়িত চিকিৎসাসেবা পরিচালনার বিষয়ে আলোচনা করা যেতে পারে।
চিকিৎসক প্রতিনিধি দলও সিলেটের মানুষের জন্য বিভিন্ন স্বাস্থ্যসেবা কার্যক্রমে সিসিকের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
সাক্ষাৎকালে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
সেলফ্লেস ইউকের প্রতিনিধি দলে ছিলেন ডা. বারিদা পই, ডা. এলিসিয়া জ্যাকসন, ডা. নাওমি পটস, ডা. আন্নাহ ফারওয়া, ডা. আমিনা চৌধুরী, ডা. আমনা ইমরান, ডা. অশ্বিনদার গুগনানি, ডা. কাওলান ইরেনাচ, ডা. নাঈম আহমদ ও ডা. জাহাঙ্গীর আলম। এছাড়া সেলফ্লেস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুস সামাদ চৌধুরীও উপস্থিত ছিলেন।
সেলফ্লেস ইউকে, সিসিক, সিলেট সিটি কর্পোরেশন, আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট স্বাস্থ্যসেবা, চিকিৎসক প্রতিনিধি দল, সেলফ্লেস বাংলাদেশ