২৫ জুলাই ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ, আলিয়া মাদরাসা মাঠ পরিদর্শনে নেতারা
দৈনন্দিন
প্রকাশঃ ১৯ জুলাই, ২০২৬ ৮:৫০ অপরাহ্ন
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা জুলাই চেতনার ওপর ভিত্তি করে রাজনৈতিক সংগঠন গড়ে তুলেছেন তাদের প্রতি আমার নসিহত হলো— শুধুমাত্র জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশিদিন রাজনীতি করা যাবে না।
তিনি বলেন, যারা শুধু এমপি-মন্ত্রী হওয়ার জন্য, উপদেষ্টা হওয়ার জন্য জুলাইকে ব্যবহার করেছেন, তাদের এখনই সময় আছে যে নতুন বন্দোবস্তের, নতুন রাজনীতির, নতুন ধারা প্রণয়ন করার যে অঙ্গীকার তারা করেছে, আমার বন্ধুরা করেছেন, তারা যেন নতুন বন্দোবস্তের নতুন ধারাটা মানুষের সামনে প্রকাশ করেন। কিন্তু পুরাতন বন্দোবস্তের আদলে নয়। তারা নতুন বন্দোবস্তের রাজনীতি কথা বলে পুরাতন বন্দোবস্তের মতো আওয়ামী বন্ধুদের, যুদ্ধাপরাধীদের সঙ্গে দেখা করতে যাবেন— সেটা সঠিক নয়।
রোববার (১৯ জুলাই) বিকেলে গণঅধিকার পরিষদ (জিওপি) আয়োজিত ‘রক্তস্নাত জুলাই: প্রেক্ষাপট, রক্তের ঋণ এবং কোন পথে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের সামনে তাদেরকে উন্মুক্ত হতে হবে যে নতুন বন্দোবস্তের রাজনীতি কোনটা? ‘দায় ও দরদের’ রাজনীতির যেই ভাষাটা আমার কিছু কিছু বৃদ্ধ বুদ্ধিজীবীর ভাষা— তারা আমারও বন্ধু, পুরাতন বন্ধু বিশ্ববিদ্যালয়ের। শব্দগুলো উচ্চারণ করে যে নতুন বন্দোবস্তের রাজনীতি, ‘দায় ও দরদের’ রাজনীতি— এত বাক্যবিশারদ হওয়া ভালো না। কারণ, এই শব্দগুলো অনেক বেশি ওজন বহন করে। এগুলো আমরা ব্যাখ্যা দাবি করি যে আপনাদের নতুন বন্দোবস্ত কী? ‘দরদ এবং দায়ের’ রাজনীতি কী সেটাও বলুন। শুধু বক্তৃতা দিলে হবে না। যদি আপনাদের এই নতুন বন্দোবস্তের রাজনীতি জনগণ গ্রহণ করে, আপনাদের পক্ষে জনগণ থাকবে।
তিনি বলেন, কিন্তু শুধু একটা দল গঠন করে জুলাইয়ের চেতনার ভিত্তিতে এবং এই চেতনাকে ব্যবহার করে যারা ৪৭-এর চেতনার কথা বলে তাদের কাছে গেলে তো অসুবিধা। এখন আমি বলেছিলাম একদিন সংসদে যে- আপনারা তো ৪৭-এও পাকিস্তানের পক্ষে ছিলেন না। এখন একাত্তরের প্রসঙ্গ যখনই আসে বলে ৪৭, আমরা ৪৭-এ যাই—তো ৪৭-এও তো ছিলেন না আপনারা। একাত্তরে তো ছিলেনই না। এখন দয়া করে চব্বিশে থাকেন। তাহলে জনগণ উপকৃত হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, সবসময় স্রোতের বিপরীতে, জনগণের চাহিদার বিপরীতে বক্তব্য দিয়ে এ দেশের মানুষকে আর বিভ্রান্ত করা যাবে না। নিজেদের রাজনৈতিক হীন স্বার্থের জন্য আপনারা ৪৭-কেও ব্যবহার করেন, একাত্তরকে অস্বীকার করেন, ২৪-কে আবার ব্যবহার করবেন— তা হবে না।
তিনি আরও বলেন, আমাদের রাজনীতি পরিষ্কার। আমাদের সামনের রাজনীতিও পরিষ্কার। আমরা আর কখনো ফ্যাসিবাদের উৎপত্তি চাই না। পরিষ্কার কি না? আমরা আর কখনো রাজপথে গণতন্ত্রের জন্য রক্ত দিতে চাই না। সেই পরিবেশ আমাদের নিশ্চিত করতে হবে। তাহলে ফ্যাসিবাদ-বিরোধী জাতীয় ঐক্যটাকে আমরা ধরে রাখতে হবে।
মব জাস্টিস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মব জাস্টিস কোনোদিন জাস্টিস হতে পারে না। মব কালচার হতে পারে, অপকালচার হতে পারে। তো এটা ব্যবহার হতে হতে অনেকটা অনেকেই মব জাস্টিস বলে থাকেন। তবে এটাকে মবের নামে যেই ইনজাস্টিস হয়েছে সেটা বলা যায়। মবের নামে যে অপকালচার সৃষ্টি হয়েছে তা বলা যায়। আমরা দেখেছি অন্তর্বর্তী সরকারের সময়ে এই মব কালচারটা সৃষ্টি হওয়ার কারণও ছিল, যেহেতু তখন আইনের শাসন কার্যকরভাবে তেমন কোনো প্রয়োগ করা যাচ্ছিল না।
তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠাতে প্রশাসন, শাসন বিভাগ সহযোগিতা করতে পারে, পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে- কিন্তু সেই আইন প্রণয়ন এবং প্রশাসনের সহযোগিতা ইত্যাদির ফলে এ আইনের শাসনটা বাস্তবায়ন হবে জুডিশিয়ারির হাত ধরে।জুডিশিয়ারি বিরুদ্ধে আমরা তেমন কিছু বলতে চাই না, এখন সমালোচনাও করতে চাই না। কারণ, সম্পূর্ণভাবে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা গেলে তখন আমরা তাদেরকে দায়ী করতে পারবো। এখনো পর্যন্ত যে বক্তব্যটা মাঠে আছে তা হলো যে, বিচার বিভাগ স্বাধীন কি না।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, আমি বলবো বিচার বিভাগ শুধু স্বাধীন নয় প্রায় সার্বভৌমের কাছাকাছি। যার জন্য এখন লোয়ার জুডিশিয়ারি এবং আপার জুডিশিয়ারিতে যারা অনেকেই বসে আছেন, যাদের কারণে ইনজাস্টিস হচ্ছে, সমাজে যারা রাজনৈতিক বিবেচনায় এবং শপথবদ্ধ রাজনীতিবিদ হিসেবে উচ্চ আদালতে বসে আছেন তাদের অনেকেই এমন ভূমিকা পালন করছেন। এর ফলে সমাজের অস্থিরতাটা এখনো বিদ্যমান এবং লোয়ার কোর্টের অবস্থাও তাই।
স্বরাষ্ট্রমন্ত্রী, সালাহউদ্দিন আহমদ, জুলাই অভ্যূত্থান