বৃষ্টিমুখর সিলেট, ৩৬ ঘণ্টায় ঝরল ১২৫ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ১৮ জুলাই, ২০২৬ ১২:৫৩ অপরাহ্ন
টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নদ-নদীর পানির স্তর বাড়ছে। তবে এখনো জেলার কোনো নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেনি।
শনিবার (১৮ জুলাই) সকাল ৯টার বন্যা পরিস্থিতি–সংক্রান্ত বুলেটিনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সুনামগঞ্জ কার্যালয় এ তথ্য জানিয়েছে।
পাউবোর তথ্য অনুযায়ী, ছাতক পয়েন্টে সুরমা নদীর পানির স্তর রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪৮ মিটার। এটি ওই পয়েন্টের নির্ধারিত বিপৎসীমার ২২ সেন্টিমিটার নিচে রয়েছে। অন্যদিকে সুনামগঞ্জ সদর পয়েন্টে সুরমা নদীর পানির স্তর ৭ দশমিক ৩২ মিটার, যা বিপৎসীমার ৪৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
শক্তিয়ারখলা–লাউরেরগড় পয়েন্টে যাদুকাটা নদীর পানির স্তর ৭ দশমিক ২৪ মিটার রেকর্ড করা হয়েছে। এ পয়েন্টে নদীটির পানি বিপৎসীমার ৮১ সেন্টিমিটার নিচে রয়েছে। একই সময়ে দিরাই পয়েন্টে কালনী নদীর পানির স্তর ছিল ৫ দশমিক ৯৮ মিটার, যা বিপৎসীমার ৫৭ সেন্টিমিটার নিচে অবস্থান করছে।
এছাড়া জগন্নাথপুর ও সোলেমানপুর পয়েন্টে কালনী নদীর পানির স্তর যথাক্রমে ৬ দশমিক ৫১ মিটার এবং ৬ দশমিক ৪৪ মিটার রেকর্ড করা হয়েছে। তবে এ দুটি পয়েন্টের জন্য এখনো কোনো বিপৎসীমা নির্ধারণ করা হয়নি।
গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে ছাতকে সর্বোচ্চ ৮৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এ ছাড়া লাউরেরগড়ে ৫৮ মিলিমিটার, সুনামগঞ্জ সদরে ৫২ মিলিমিটার এবং দিরাইয়ে ২৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
পাউবো জানিয়েছে, ভারতের উজান এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকায় আগামী কয়েক দিন নদ-নদীর পানির স্তর আরও বাড়তে পারে। এ কারণে পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি রাখতে বলা হয়েছে।
সুনামগঞ্জ, সুনামগঞ্জ বন্যা, সুরমা নদী, যাদুকাটা নদী, কালনী নদী, নদীর পানির স্তর, বিপৎসীমা, পাউবো, পাহাড়ি ঢল, সুনামগঞ্জ আবহাওয়া