সিলেটে শিলাবৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ৩ জুন, ২০২৫ ১:১২ অপরাহ্ন
সাম্প্রতিক বছরগুলোতে সিলেটে বৃষ্টিপাতের পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়েছে। চলতি বছরের মে মাসে জেলার ওপর দিয়ে যে পরিমাণ বৃষ্টি নেমেছে, তা গত ৭০ বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, মে মাসে সিলেটে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ৫৭০ মিলিমিটার। কিন্তু এবার পুরো মাসে বৃষ্টি হয়েছে ১ হাজার ৯০৭ দশমিক ৬ মিলিমিটার, যা স্বাভাবিকের চেয়ে ২৩৫ শতাংশ বেশি। শুধু তাই নয়, মে মাসে ২৪ দিনই বৃষ্টি হয়েছে।
এর আগে ১৯৮৮ সালের মে মাসে সিলেটে সর্বোচ্চ ১ হাজার ১৩৯ মিলিমিটার বৃষ্টি হয়েছিল, যা এতদিন মে মাসের রেকর্ড হিসেবে বিবেচিত ছিল। সেটিও এবার ছাড়িয়ে গেছে।
একদিনের হিসেবে হিসাব করলে, গত ৩১ মে ২৪ ঘণ্টায় রেকর্ড করা হয় ৪০৪ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি, যা সিলেটের একদিনে সর্বোচ্চ বৃষ্টির নতুন রেকর্ড।
আবহাওয়া অধিদপ্তরের জলবায়ু পরিবর্তন বিভাগের সাবেক প্রধান ও জাপানের কাগাওয়া বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং রিসার্চার সাঈদ আহমদ চৌধুরী বলেন, '১৯৫৬ সাল থেকে সিলেট আবহাওয়া অফিসে বৃষ্টি ও তাপমাত্রা রেকর্ড করা হয়। এবারের মে মাসে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, অতীতে এমনটা কখনও দেখা যায়নি। এমনকি একদিনে ৪০৫ মিলিমিটার বৃষ্টিরও কোনো নজির নেই।'
তথ্য পর্যালোচনায় দেখা যায়, ১৯৫৮ সালের ২০ জুন একদিনে সিলেটে ৩৩৬ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। এরপর ২০০০ সালের ১২ জুন ৩৬২ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টির রেকর্ড গড়ে। দীর্ঘ ২৫ বছর ধরে সেটিই ছিল একদিনে সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড, যা এবারে ভেঙেছে ৩১ মে-র অতিবৃষ্টিতে।
হঠাৎ করে বৃষ্টির দাপটে জলাবদ্ধতায় নাকাল হয়েছে সিলেট নগরবাসী। গত ৩১ মে দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মাত্র ৩ ঘণ্টায় ১৫৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়।
এর ফলে নগরীর বিভিন্ন সড়ক, বাসাবাড়ি, দোকানপাট এমনকি হাসপাতালেও পানি ঢুকে পড়ে। জরুরি সেবা কার্যক্রম ব্যাহত হয়, দুর্ভোগে পড়েন শত শত মানুষ।
সাঈদ আহমদ চৌধুরী জানান, সাধারণত প্রাক–বর্ষা অর্থাৎ মার্চ, এপ্রিল ও মে এই তিন মাসে সিলেটে ৮০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয় না। জুনের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে মৌসুমি বায়ু প্রবেশের পর বৃষ্টিপাত বেড়ে যায়।
কিন্তু এবার সাগরে নিম্নচাপ এবং মৌসুমি বায়ুর আগাম সেটআপের কারণে বৃষ্টিপাত আগেভাগেই বেড়ে গেছে। এর প্রভাবে শুধু সিলেট নয়, আশপাশের ময়মনসিংহ, নেত্রকোনাসহ উঁচু এলাকাগুলোতেও বেশি বৃষ্টি হয়েছে।
শুধু মে মাস নয়, বর্ষা মৌসুমেও অতিরিক্ত বৃষ্টির প্রভাব স্পষ্ট। ২০২৪ সালের জুন মাসে সিলেটে মোট ২ হাজার ১৫৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। অথচ জুন মাসে স্বাভাবিক বৃষ্টির পরিমাণ ৮১৮ দশমিক ৪ মিলিমিটার।
এর আগে, ২০২২ সালের জুন মাসে ১ হাজার ৪৫৬ দশমিক ২ মিলিমিটার বৃষ্টির রেকর্ড ছিল, যা তখনকার ৬৭ বছরের মধ্যে সর্বোচ্চ। ওই রেকর্ডও এবার ভেঙে গেছে।
সিলেট বৃষ্টির রেকর্ড, মে মাসে অতিবৃষ্টি, ৩১ মে বৃষ্টি, জলাবদ্ধতা সিলেট, সিলেট আবহাওয়া