সিলেটে র্যাবের অভিযানে একাধিক মামলার আসামি গ্রেপ্তার
অপরাধ-বিচার
প্রকাশঃ ২০ এপ্রিল, ২০২৬ ৭:১৭ অপরাহ্ন
সিলেটে অভিযানে একাধিক মামলার আসামি ও অপরাধ চক্রের অন্যতম প্রধান সদস্য হিসেবে পরিচিত ‘টাইগার জামাল’কে গ্রেপ্তার করেছে র্যাব-৯। রোববার দিবাগত রাতে নগরীর কোতোয়ালী থানাধীন সার্কিট হাউস এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সোমবার র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার হওয়া জামাল ওরফে টাইগার জামাল (৩০) নগরীর মজুমদারপাড়া এলাকার জাহের আলীর ছেলে।
র্যাব জানায়, রোববার রাত আনুমানিক সাড়ে ১২টায় নগরীর কোতোয়ালী থানার বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি জামাল ওরফে টাইগার জামাল (৩০)-কে গ্রেপ্তার করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত জামালের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় অন্তত ৯টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে হত্যা, মাদক উদ্ধার, সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
সিলেট র্যাব অভিযান, টাইগার জামাল গ্রেপ্তার, কোতোয়ালী থানা মামলা, সিলেট অপরাধ সংবাদ, র্যাব-৯ নিউজ