মৌলভীবাজারে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন
যাপিতজীবন
প্রকাশঃ ২০ এপ্রিল, ২০২৬ ৭:১৪ অপরাহ্ন
দেশব্যাপী ‘ইমারজেন্সি এমআর ক্যাম্পেইন-২০২৬’— এর অংশ হিসেবে মৌলভীবাজারে শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন। সোমবার (২০ এপ্রিল) সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।
সকাল ১০টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং সিভিল সার্জনের কার্যালয়, মৌলভীবাজার ও উপজেলা স্বাস্থ্য অফিসের আয়োজনে পৌরসভা কনফারেন্স রুমে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। কর্মসূচির আওতায় জেলার ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে হাম-রুবেলা (এমআর) টিকা প্রদান করা হবে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আগে টিকা গ্রহণ করে থাকলেও সকল শিশুকে পুনরায় টিকা নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে, যাতে রোগ প্রতিরোধে সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করা যায়। জেলার সব ইপিআই (EPI) কেন্দ্র এবং অস্থায়ী টিকাদান কেন্দ্রে নির্ধারিত সময়সূচি অনুযায়ী টিকা প্রদান করা হবে। টিকা গ্রহণের জন্য নির্দিষ্ট কোনো কেন্দ্রের বাধ্যবাধকতা নেই; অভিভাবকেরা শিশুর টিকা কার্ড সঙ্গে নিয়ে দেশের যেকোনো স্থানে গিয়ে টিকা দিতে পারবেন।
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে অভিভাবকদের সময়মতো শিশুদের টিকা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। বিশেষজ্ঞদের মতে, হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদানই সবচেয়ে কার্যকর ও নিরাপদ পদ্ধতি।
উল্লেখ্য, দেশব্যাপী এই কর্মসূচির মাধ্যমে প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে হাম ও রুবেলা প্রতিরোধী টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন (সাপ্তাহিক ছুটি ব্যতীত) সকাল ৮টা থেকে এই কার্যক্রম পরিচালিত হবে এবং ধাপে ধাপে দেশের বিভিন্ন অঞ্চলে নির্ধারিত সময় পর্যন্ত চলবে।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক, সিভিল সার্জনসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
হামরু-বেলা টিকাদান কর্মসূচী, মৌলভীবাজার, স্বাস্থ্য