সপ্তাহে তাপমাত্রায় রেকর্ড, বাতাসের মানও অস্বাস্থ্যকর
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ১৭ এপ্রিল, ২০২৬ ৮:৫৮ অপরাহ্ন
সপ্তাহের শেষ দিকে এসে গরমের তীব্রতায় রেকর্ড ছুঁয়েছে সিলেট। গত কয়েক দিনের তুলনামূলক স্থিতিশীল তাপমাত্রার পর শুক্রবার (১৭ এপ্রিল) জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গেল ১১ এপ্রিল তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, ১২ এপ্রিল ৩২ ডিগ্রি, ১৩ এপ্রিল ৩০ ডিগ্রি, ১৪ এপ্রিল ৩২ ডিগ্রি, ১৫ এপ্রিল ৩১ ডিগ্রি এবং ১৬ এপ্রিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। এই ধারাবাহিকতার পর ১৭ এপ্রিল তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়ে ৩৪ দশমিক ৫ ডিগ্রিতে পৌঁছেছে।
শুক্রবার আবহাওয়া অফিসের পাঠানো তথ্যে বলা হয়, আংশিক মেঘলা আকাশ এবং আর্দ্রতার কারণে গরমের অনুভূতি আরও বেশি তীব্র হয়ে উঠছে।
আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস। সকালে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭০ শতাংশ এবং সন্ধ্যায় তা বেড়ে ৭৪ শতাংশে পৌঁছায়।
এদিকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, এক বা দুই স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও দমকা হাওয়ার পাশাপাশি বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। তবে সামগ্রিকভাবে তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর।
আবহাওয়া অফিস জানিয়েছে, এই ধরনের তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকলে আগামী দিনগুলোতে গরমের অনুভূতি আরও তীব্র হতে পারে।
অন্যদিকে এদিন সিলেট নগরীর বায়ুমান সংবেদনশীল অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছেছে। শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৬টায় শহরটির বায়ুমান সূচক ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
সেখানে বলা হয়েছে, এ সময় বায়ুতে প্রধান দূষণ উপাদান হিসেবে অতি সূক্ষ্ম ভাসমান বস্তুকণা এর মাত্রা রেকর্ড করা হয়েছে ৪১.২ মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটার। যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়, বিশেষ করে শিশু, বৃদ্ধ ও শ্বাসকষ্টজনিত রোগীদের জন্য।
সিলেট, আবহাওয়া, বায়ু দূষণ, বাতাস, তাপমাত্রা