শাবিতে ‘সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দিনের জীবন ও সাহিত্যকর্ম’ বিষয়ক সেমিনারের উদ্বোধন
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ২২ জুন, ২০২৬ ১০:০৫ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগ এবং বাংলা একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত "সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দিনের জীবন ও সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার-২০২৬" অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসের কল্যাণে যেকোনো ভালো আইডিয়া আমাকে সরাসরি জানাতে পারো। যদি আমার প্রশাসন যথাযথ পদক্ষেপ না নেয়, তবে তোমরা আমাকে জানাবে। কিন্তু পদক্ষেপ নেওয়ার সুযোগ না দিয়ে প্রথমেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ণ হয়। শাবিপ্রবি আমাদের সবার একটি পরিবারের মতো। আমাদের নিজেদের পরিবারে যখন কোনো সমস্যা হয়, তখন আমরা তা নিজেদের মধ্যে সমাধান করার চেষ্টা করি, সোশ্যাল মিডিয়াতে চলে যাই না।
তিনি আরও বলেন, সরকার আমাদের দায়িত্ব দিয়ে পাঠিয়েছে আপনাদের জন্য কাজ করার। আমরা তা আন্তরিকভাবেই করতে চাই। তবে কিছু কিছু কাজ চাইলেই তাৎক্ষণিক করা সম্ভব হয় না; কোনো কোনো কাজে এক, দুই বা তিন মাস সময় লেগে যেতে পারে। কোনো সমস্যা মনে হলে তোমরা লিখিত আবেদন করো কিংবা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কর্মকর্তাকে জানাও। আমাদের প্রত্যাশা থাকবে-আমরা ভালো কাজ করলে তোমরা ধন্যবাদ দেবে। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি প্রতিদিন ন্যূনতম চার ঘণ্টা পড়াশোনা করা এবং মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার পরিহার করে এর যথাযথ ব্যবহারের আহ্বান জানান। এছাড়া তিনি সাহিত্যিক সৈয়দ মুজতবা আলীর বাংলা সাহিত্যে অনবদ্য অবদান কথা উল্লেখ করেন এবং সেমিনারের সার্বিক সফলতা কামনা করেন।
বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও সেমিনার উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।
সেমিনারে শুভেচ্ছা বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বাংলা একাডেমির তথ্যপ্রযুক্তি ও উপবিভাগের উপপরিচালক (চলতি দায়িত্ব) ড. মুহাম্মদ মোজাম্মেল হক।
‘সৈয়দ মুজতবা আলীর জীবন ও সাহিত্যকর্ম’ মূল প্রবন্ধ উপস্থাপন করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. রহমান হাবিব।
প্রবন্ধের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন শাবিপ্রবির বাংলা বিভাগের অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য এবং অধ্যাপক ড. মো. আশরাফুল করিম।
সেমিনারে বক্তারা বহুভাষাবিদ, প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ মুজতবা আলীর বাংলা সাহিত্যে অনবদ্য অবদান, তাঁর রসবোধ এবং দূরদর্শী চিন্তাভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা বলেন, মুজতবা আলীর সাহিত্যকর্ম নতুন প্রজন্মের গবেষক ও শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে শাবিপ্রবি বাংলা বিভাগ ও বাংলা একাডেমির এই যৌথ প্রয়াস অত্যন্ত প্রশংসনীয়। অনুষ্ঠানে বাংলা বিভাগের শিক্ষক, ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শাবিপ্রবি, সৈয়দ মুজতবা আলী, বাংলা একাডেমি, সাহিত্য সেমিনার, খায়রুল ইসলাম